২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পদে এগিয়ে প্রতিমন্ত্রী মাহবুব আলী, ব্যারিস্টার সুমনের ঋণ ৫০ লাখ

সুমন ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2023, 11:31 AM

Updated : 09 Dec 2023, 04:11 PM

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের চেয়ে সম্পদে এগিয়ে আছেন একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

কেন্দ্রীয় যুবলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক সৈয়দ সায়েদুল হক সুমনের ব্যাংক ‍ঋণ আছে ৫০ লাখ টাকা।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া ওই দুই প্রার্থীর নির্বাচনি হলফনামা বিশ্লেষণে এসব জানা গেছে। 

মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের প্রয়াত সংসদ সদস্য মো. আছাদ আলী এবং প্রয়াত হুছনে আরা বেগমের ছেলে মো. মাহবুব আলী হলফনামা বিশ্লেষণে আরও জানা যায়, বর্তমানে তার নগদ টাকার পরিমাণ ৩ লাখ ৫০০ টাকা এবং স্ত্রীর নগদ টাকা রয়েছে ১ লাখ ৭০ হাজার ৫০০ টাকা।

আর নিজের ব্যাংক হিসাবে রয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮৮ হাজার ৬১৮ টাকা ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ১ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৩৫ টাকা এবং নির্ভরশীলদের ব্যাংক হিসেবে জমা দেখানো হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৫৪ হাজার ৫৯৬ টাকা।

এছাড়া স্থাবর-অস্থাবর সম্পদের তালিকায় মাহবুব আলীর বার্ষিক আয় ৩৬ লাখ ১৮ হাজার ৫৮৬ টাকা দেখানো হয়েছে।

এর মধ্যে কৃষি খাত থেকে ৮০ হাজার; বাড়ি, অ্যাপার্টমেন্ট ও দোকান ভাড়া থেকে পান ২ লাখ ২৫ হাজার টাকা।

ব্যবসা থেকে ৭ লাখ ৬৫ হাজার, সঞ্চয় পত্র/ব্যাংক আমানত ১৪ লাখ ৪৪ হাজার ৫৮৬ টাকা, চাকরি (সংসদ সদস্য) ভাতা পান ১১ লাখ ৪ হাজার টাকা।

স্ত্রীর সোনার গহনা রয়েছে ৩০ ভরি। এছাড়া তিনি হলফনামায় আরো কিছু অস্থাবর সম্পদের কথা উল্লেখ করেছেন।

পুরনো খবর:

সম্পদে এগিয়ে প্রতিমন্ত্রী মাহবুব আলী, ব্যারিস্টার সুমনের ঋণ ৫০ লাখ

এদিকে, চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের সৈয়দ এর্শাদ আলী ও আম্বিয়া বেগম চৌধুরী দম্পতির ছেলে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন স্থাবর-অস্থাবর মিলিয়ে ২৫ লাখ ৯১ হাজার টাকার সম্পদের মালিক।

তিনি হলফনামায় উল্লেখ করেছেন, একমাত্র আইন পেশাই তার আয়ের উৎস।

এ পেশা থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ৫০ হাজার টাকা। নগদ টাকা রয়েছে ১১ লাখ ৬১ হাজার। সোনা ও অন্যান্য অলঙ্কার রয়েছে ৫ লাখ টাকার আর ইলেক্ট্রনিক সামগ্রী রয়েছে ১ লাখ ৬০ হাজার ও আসবাবপত্র রয়েছে ২০ হাজার টাকার।

তবে হলফনামায় তিনি পূবালী ব্যাংক থেকে ৪০ লাখ ও সাউথইস্ট ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নেওয়ার কথা উল্লেখ করেছেন।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, এমপি মাহবুব আলীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এলএলবি আর ব্যারিস্টার সুমন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্নাতকোত্তর।  

সুমন ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।