Published : 11 Feb 2026, 09:10 PM
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অন্য দলে ভোট দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকির বক্তব্য ভাইরালের পর বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব করেছে আদালত।
বুধবার বেলা আড়াইটার দিকে দেবিদ্বার সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমিল্লার সিনিয়র সিভিল জজ (বিচারিক ও অনুসন্ধান কমিটি) তাফরিমা তাবাসুমের আদালতে হাজির হয়ে লিখিত জবাব দিয়েছেন মঞ্জুরুল।
আদালত থেকে বের হয়ে বেলা ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ।
তিনি বলেন, “আমরা আদালতকে বলেছি, মঞ্জুরুল আহসান মুন্সীর যে ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা পুরোপুরি সত্য নয়। এ বক্তব্যের ফরেনসিক টেস্ট করা প্রয়োজন। আদালত বলেছে, আপনার (মঞ্জুরুল) বিষয়ে নানা ধরনের অভিযোগ পাচ্ছি, আপনার সতর্ক থাকা প্রয়োজন।”
পরে আদালত থেকে আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বের হয়ে যান মঞ্জুরুল আহসান মুন্সী।
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। ঋণ খেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। পরে এ আসনে গণধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দীনকে সমর্থন দেয় বিএনপি।
এর মধ্যে জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের নির্বাচনি বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ‘ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি’সহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মঞ্জুরুল আহসানকে আদালতে তলব করা হয়। এ ছাড়া একই অভিযোগে তাকে বহিষ্কার করে বিএনপি।
যাচাই-বাছাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
পরে এ আসনে জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঋণ খেলাপের তথ্য গোপন করায় মুন্সীর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে উচ্চ আদালতে গিয়েও নিরাশ হন তিনি।