২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুই জনের, আহত দুই কিশোর

পুলিশ জানায়, বজ্রপাতের সময় বাগানে আম প্যাকেট করার কাজ করছিলেন হতাহতরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2023, 05:12 PM

Updated : 27 Apr 2023, 05:12 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কিশোরসহ দুই জন নিহত হয়েছে; এতে আহত হয়েছে আরও দুই কিশোর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ।

নিহতরা হলেন- গোপালনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহীন আলী (২০) ও শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসীম (১২)।

আহতরা হলো- লছমনপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে নয়ন (১৩) ও গোপালনগর গ্রামের কাসেদের ছেলে সারোয়ার (১৫)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি জোবায়ের আহমেদ জানান, শরৎনগর গ্রামের মাস্তান বাজারের সাইফুলের বাগানে আম প্যাকেট করার কাজ করছিলেন শাহীন আলী, অসীম, সারোয়ার ও নয়ন।

“দুপুর সোয়া ১টার দিকে ঝড়, বৃষ্টি শুরু হয়। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে শাহীন ও অসীম ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হয় সারোয়ার ও নয়ন।”

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে ওসি জোবায়ের জানান।