গোপালগঞ্জে রাইসমিলে আগুন, দগ্ধ ৫ শ্রমিক
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি রাইসমিলের তুষের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জলিরপাড় বাজারে জামান রাইসমিলে এ ঘটনা ঘটে বলে সিন্দিয়াঘাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন জানান।
দগ্ধ রাহুল (২৫), সাকিব (৩৫), বেল্লাল (১৬) ও আরিফসহ (৪০) পাঁচজনকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা উপজেলার জলিরপাড় গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পরিদর্শক শওকত জানান, রাইসমিলের একটি ঘরে ধান ভাঙানো তুস রাখা হচ্ছিল। সন্ধ্যার দিকে অসাবধানতাবশত তুসে আগুন লেগে যায়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মুকসুদপুর ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নেভাতে গিয়ে ওই রাইচ মিলের পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
