২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সেই খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের সিদ্বান্ত থেকে সরল প্রশাসন

প্রশাসনের সিদ্বান্তকে স্বাগত জানিয়েছেন বলদিপাড়া গ্রামের বাসিন্দারা।

সিরাজগঞ্জে সেই খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের সিদ্বান্ত থেকে সরল প্রশাসন

সিরাজগঞ্জের শাহজাদপুরে কায়েমপুর ইউনিয়নের হলদিগ্রামের খেলার মাঠ

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 04:46 PM

Updated : 25 Aug 2022, 04:46 PM

স্থানীয়দের ক্ষোভ ও আন্দোলনের মুখে সিরাজগঞ্জের শাহজাদপুরে শতবর্ষী খেলার মাঠ ভরাট করে আশ্রয়ণ প্রকল্প তৈরির উদ্যোগ থেকে সরে এসেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় গ্রামবাসীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া-হলদিঘর খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প করার সিদ্বান্ত বাতিল করা হয়েছে। নতুন কোনো স্থানে প্রকল্পটি তৈরির জন্য জায়গা খোঁজা হচ্ছে।”

প্রশাসনের এই সিদ্বান্তকে স্বাগত জানিয়েছেন বলদিপাড়া গ্রামের বাসিন্দারা।

উপজেলার বলদিপাড়া ও হলদিগ্রামের দুটি খেলার মাঠের যেকোনো একটিতে মাটি ভরাট করে সেখানে আশ্রয়ণ প্রকল্প তৈরির পরিকল্পনা নিয়েছিল উপজেলা প্রশাসন। বলদিপাড়া ও হলদিগ্রামসহ আশপাশের ছয় গ্রামের মানুষ এর বিরোধিতায় মাঠ রক্ষার আন্দোলনে নামে।

গত রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) – এসিল্যান্ড লিয়াকত সালমানকে নিয়ে উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিগ্রামের মাঠটি পরিদর্শন করতে যাচ্ছিলেন শাহজাদপুরের ইউএনও তরিকুল ইসলাম। ওই সময় গ্রামের কয়েকশ নারী ও শিশু-কিশোর প্রতিবাদমুখর হয়ে ওঠে। তারা হলদিপাড়া ব্রিজের কাছে সড়কে গাছের গুড়ি ফেলে ও বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা তৈরি করেন। পথেই তাদের আটকে দেয় গ্রামবাসী এবং তখন সংঘর্ষের ঘটনা ঘটে।

শাহজাদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসিবুল ইসলামের ভাষ্যমতে, বিক্ষুব্ধ গ্রামবাসীর ইট-পাটকেলের আঘাতে এসিল্যান্ড লিয়াকত সালমানের মাথা ফেটে যায় এবং ইউএনওর সরকারি গাড়ির একাংশের কাচ ভেঙে যায়। এ অবস্থায় ইউএনও আশ্রয়ণ প্রকল্পের স্থান পরিদর্শন না করেই ফিরে আসেন।

গ্রামবাসীর বক্তব্য ছিল, সরকারের আশ্রয়ণ প্রকল্পকে তারা স্বাগত জানালেও খেলার মাঠ ‘দখল’ করে সেটি করতে দেওয়া হবে না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বলদিপাড়া-হলদিঘর খেলার মাঠের পরিবর্তে পাশের গালা ইউনিয়নের কাশিপুর মৌজায় আশ্রয়ণ প্রকল্পটি করার জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, “৫২ শতকের ওই জায়গাটি সরকারি খাস খতিয়ানভুক্ত। এখানে প্রকল্প বাস্তবায়নে কোনো ঝামেলা নেই। এ জন্য জমি জরিপের পর প্রাথমিক একটি স্কেসসহ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে বিষয়টি চূড়ান্ত হবে।”

হামলার পর রোববার রাতেই ভূমি অফিসের পেশকার আব্দুল হাই ৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ১২০ নারী পুরুষকে আসামি করে থানায় মামলা করেছেন। ‌ওই মামলায় সাত নারীসহ ৯ জন গ্রেপ্তার হয়েছেন।

বলদিপাড়া গ্রামের বাসিন্দা ও মাঠ রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার নয়ন তারা বলেন, গত দুদিন গ্রামে পুলিশও আসেনি এবং গ্রেপ্তারও হয়নি। তবে গ্রেপ্তার আতঙ্কে গ্রামের অধিকাংশ নারী-পুরুষ এখনও পালিয়ে বেড়াচ্ছেন।

মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারদের দ্রুত মুক্তি দাবি করেছেন এই ক্রিকেটার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “আমরা সরকারি দায়িত্ব পালনে গিয়ে আক্রান্ত হয়েছি। হামলা ও মামলা আইনের গতিতে চলবে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।”

হামলা ও মামলার পর এ ঘটনার প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, মানবাধিকার কর্মী ও বাপার সভাপতি সুলতানা কামাল ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ ২১ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান।

আরও পড়ুন:

পুরনো খবর:

সিরাজগঞ্জে খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পে ক্ষোভ গ্রামবাসীর, আহত এসিল্যান্ড