মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
আনুমানিক ৬৫ বছর বয়সী ওই যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার মুক্তারপুর ব্রিজের ঢালে সিএনজি অটোরিকশার স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ থানার এসআই লিটু গাজী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোমল পানীয় বোঝাই মুন্সীগঞ্জগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনে অপেক্ষারত এক অটোরিকশার উপর উঠে যায়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত হন আরও তিন যাত্রী।
তবে আনুমানিক ৬৫ বছর বয়সী ওই যাত্রীর পরিচয় জানা যায়নি।
লিটু গাজী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
