২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ’র গুলিতে ভারতীয় নিহত

সীমান্ত পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসফের গুলিতে সেদেশের এক যুবক নিহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 10:49 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

এ সময় পালিয়ে আসা তিন ভারতীয় নাগরিক বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির হাতে ধরা পড়েছে।

একই সময়ে এক বাংলাদেশি আহত হয় বলে স্থানীয়রা বিজিবিকে জানালেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

সোমবার রাতে কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্তের ওপারে ভারতের দরকান্দা এলাকায় এই ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।

নিহত মঈন (২৮) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার স্বরূপনগর থানার দরকান্দা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

আহত সোহাগ (২৪) সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

আটকরা হলেন উত্তর চব্বিশ পরগণা জেলার স্বরূপনগর থানার নৈয়তকাটি গ্রামের প্রয়াত তমিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর শেখ (৩৫), হাকিমপুর গ্রামের মোহর আলীর ছেলে আবু জাফর (২০) এবং মালদহা জেলার হরিদাসপুর থানার রাঙ্গাইপুর গ্রামের সামায়ন এর ছেলে ছাখাউদ্দিন (২৫)।

স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের মাদরা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১০টার দিকে একদল যুবক ভারত থেকে বাংলাদেশে আসার সময় বিএসএফ দরকান্দা ক্যাম্পের সদস্যরা দুই রাউন্ড গুলি চালায়।

বিজিবি কর্মকর্তা বলেন, নিহত মঈনের লাশ ভারতীয় সঅমান্তের ওপারে তারা দেখেছেন। স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করেছে।

এছাড়া গুলিতে এক বংলাদেশি যুবক আহত হয়েছে বলে শুনলেও তার অবস্থান জানা যায়নি, বলেন তিনি।

বিজিবি কর্মকর্তা আরো বলেন, বিএসএফের তাড়া খেয়ে এদেশে পার হওয়া তিন ভারতীয়কে কলারোয়ার ভাদিয়ালী এলাকা থেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদের কলারোয়া থানায় সোপর্দ করে করা হয়। মাদরা ক্যাম্পের হাবিলদার আসাদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

কলারোয়া থানার ওসি মোশারফ হোসেন বলেন, আটকদের আদালতে হাজির করার জেলা কারাগারে পাঠানো হয়েছে।