হাত-পা বেঁধে বস্তায় ভরে ফেলে রাখার অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের পর হাত-পা বেঁধে বস্তাবন্দি করে নদীতীরে ফেলে রাখার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গন নদীর পাড় থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা শহরের হঠাৎপাড়া এলাকার খাতুনে জান্নাত কামরুন্নেছা মহিলা কওমি মাদ্রাসার আবাসিক ছাত্রী এই তরুণী।
মাদ্রাসার শিক্ষক হজরত আলী বলেন, হোস্টেলে প্রতিদিনের মত বুধবার রাতে অন্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন এই ছাত্রী। ভোরে ফজরের সময় তাকে কক্ষে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। বিষয়টি তার পরিবারকেও জানানো হয়। পরে মাদ্রাসার পাশে টাঙ্গন নদীর পাড়ে পড়ে থাকা বস্তার ভেতর থেকে তাকে উদ্ধার করেন সেখানকার লোকজন।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হাসপাতালে পাঠায়।
সদর থানার ওসি কামাল প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, মাদ্রাসায় ভর্তির আগে ওই তরুণীর বিয়ে হয়েছিল। পরে ছাড়াছাড়ি হয়।
“তরুণীর জবানবন্দি অনুযায়ী, রাতে তার সাবেক স্বামী লোকজন নিয়ে এসে মাদ্রাসা থেকে তাকে বের করে নেন। নির্যাতনের পর তাকে বস্তার ভেতর ঢুকিয়ে নদীতীরে ফেলে পালিয়ে যান সাবেক স্বামী।”
সকালে এলাকাবাসী প্লাস্টিকের একটি সাদা বস্তা দেখতে পান নদীতীরে। তারা বস্তার কাছাকাছি গেলে ভেতর থেকে প্রাণের সাড়া পান। বস্তা খুলে তরুণীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখে পুলিশে খবর দেন তারা। পুলিশ গিয়ে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করায়।
তবে মাদ্রাসা থেকে কিভাবে তাকে ধরে নেওয়া হয় সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলতে পারেনি। আর পুলিশের চোখে ঘটনাটি রহস্যজনক।
ওসি কামাল বলেন, “ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে “
