২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানচর থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গা আটক নোয়াখালীতে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১৯ রোহিঙ্গাকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 07:12 PM

Updated : 02 Aug 2022, 11:57 AM

বুধবার রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের ফুলমিয়া চেয়ারম্যান বাজার এলাকার খালপাড় থেকে তাদের আটক করা হয় বলে চর বালুয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই রমজান আলী জানান।

ওই রাতেই তাদের চর বালুয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয় বলে রমজান জানান।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ফুল মিয়া চেয়ারম্যান বাজারের খালপাড়ে শিশুসহ কয়েকজন নারী ঘোরাফেরা করছিল। স্থানীয়দের সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

এসআই রমজান আলী বলেন, “বুধবার দুপুরের দিকে দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা শিবিরে যাওয়া উদ্দেশে পালিয়ে আসে ওইসব রোহিঙ্গা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আটকরা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৭ নম্বর ক্লাস্টারের মো. ইসহাক (৮০), ছকিনা খাতুন (৬৫), ৮ নম্বর ক্লাস্টারের আইয়ুব হাসেম (৩২), ৭৪ নম্বর ক্লাস্টারের ফয়েজ উল্লাহ (২২), রহিমা খাতুন (২২), নুর কলিম (৩), নূর কায়দা (১), ৫৯ নম্বর ক্লাস্টারের জুবায়ের (১৭), শামসু আলম (৩১), খালেদা বেগম (২৮), মো. জানায়েত (৮), আমেনা বেগম (৬), খালিমা সাহরি (১৮ মাস), ৫৮ নম্বর ক্লাস্টারের আব্দুল্লাহ মাহমুদ (১৪), মো. আমিন (২২), ৬৯ নম্বর ক্লাস্টারের কালিম (২০), রিফা মনি (৪ মাস), ৭৩ নম্বর ক্লাস্টারের আরফা বেগম (২১) ও আনে (২)।