২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রাবিতে

নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা, হত্যা, লুটপাট, প্রতিমা ভাঙচুরসহ নানা সহিংসতার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 06:23 PM

Updated : 25 Oct 2022, 10:59 AM

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে 'সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী দীপু রায় আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান উল্লেখ করে জানান, বাংলাদেশে গত ৯ বছরে সংখ্যালঘুদের উপর ৩ হাজার ৬৭৯টি হামলা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৫৯টি বাড়িতে, ৪৪২টি ব্যবসা প্রতিষ্ঠানে এবং ১ হাজার ৬৬৮টি পূজামণ্ডপে সংঘটিত হয়েছে। এই কয়েক বছরে আহত হয়েছেন ৮৬২ জন এবং নিহত হয়েছেন ১১ জন। এ ছাড়া ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ২০টি পরিবারকে তাদের বাড়ি এবং জায়গা থেকে উচ্ছেদ এবং দুই মেয়েকে ধর্ষণ করা হয়।

পরিসংখ্যানে আরও বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পরে ৭৬১টি বাড়ি, ১৯২টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ২৪৭টি মন্দির হামলায় আক্রান্ত হয়েছে এবং একজন সংখ্যালঘু এসব হামলায় নিহতও হয়েছেন। এছাড়া শুধু ২০২০ সালে ১১টি হিন্দু বাড়িতে, ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে এবং ৬৭টি মন্দিরে হামলা এবং ভাঙচুর হয়েছে।

“অথচ এসব ঘটনার পেছনে যারা দায়ী তাদের শাস্তির আওতায় আনা হয়নি। আমরা আজকের মানববন্ধনের মাধ্যমে এসব হামলার তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করছি,” বলেন দীপু।

তিনি দেশে ‘বিচারহীনতার অপসংস্কৃতির’ বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর বলেন, “সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান ধর্ম। কিন্তু সমগ্র অংশ নয়। এখানে পঞ্চাশ বছর আগেও যেকোনো জাতীয় সংকটে হিন্দু-মুসলিম অন্যান্য সব ধর্মের মানুষ একত্রে প্রতিরোধ গড়ে তুলেছে। এটাই বাঙালি সংস্কৃতি। কেবলই প্রশাসন, পুলিশ সার্বিক নিরাপত্তা দিতে পারবে না যদি না আমাদের মধ্যে অসাম্প্রদায়িক সংস্কৃতির চর্চা বহাল থাকে।”

তিনি আরও বলেন, “মানুষের মনুষ্যত্ব হারানোর চেয়ে নিকৃষ্ট আর কিছু হতে পারে না। কোনো ব্যক্তি ভালো কিংবা মন্দ হতে পারে তাই বলে সে কাজের জন্য পুরো সম্প্রদায়কে ভালো কিংবা খারাপ বিবেচনা করে হামলা করা গর্হিত কাজ। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিঃসন্দেহে আমাদের মধ্যে যে অসম্প্রীতি বিরাজ করছে তার ইঙ্গিত দেয়। তাই এ সংকট মোকাবিলায় আমাদের একত্রিত হতে হবে।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, “একজন সনাতন ধর্মাবলম্বী হলেও সর্বপ্রথম আমি নিজেকে একজন মানুষ মনে করি। আর একজন মানুষ হিসেবেই আমি আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা আজকের মানববন্ধনের মাধ্যমে চলমান সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমরা হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদেরসহ দেশের সকল মানুষকে অসাম্প্রদায়িকতার বন্ধনে আবদ্ধ হয়ে এক হয়ে চলার আহ্বান জানান।

মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্তের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি ফায়েক উজ্জামান, বাংলার অধ্যাপক সফিকুন্নবী সামাদী, আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান ও চারুকলা অনুষদের শিক্ষার্থী মনু মোহন বাপ্পা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।