২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় রেস্তোরাঁ মালিককে হত্যার দায়ে ২ জনের সাজা

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে রেস্তোরাঁ মালিককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড আর একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 06:04 PM

Updated : 22 Jul 2022, 04:00 AM

তাছাড়া আদালত দুজনকেই ২৫ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে আরও এক বছর কারাবাসের সাজা দিয়েছে আদালত।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. আজাদ হোসেন (৫২) কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া ২ নম্বর মসজিদ গলি লেনের জহির উদ্দিনের ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্ত মিন্টু হোসেন (৪৫) কুষ্টিয়অ শহরের হাউজিং এলাকার মহিউদ্দিনের ছেলে।

রায় ঘোষণার সময় মিন্টু হোসেন আদালতে উপস্থিত থাকলেও আজাদ হোসেন পলাতক।

মামলার নথি অনুযায়ী, আবুল কাশেম কুষ্টিয়া শহরের এনএস রোডে একটি রেস্তোরাঁ চালান। ২০১৪ সালের ১৪ অগাস্ট রাতে রেস্তোরাঁ থেকে হেঁটে বাসায় ফেরার পথে কুতুব উদ্দিন আহমেদ লেনে ছুরিকাহত হন কাশেম। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে ইফতেখার আহমেদ নাইম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া থানায় হত্যা মামলা করেন। থানার পরিদর্শক আশরাফুল আলম তদন্ত শেষে ২০১৫ সালে ৭ জুলাই আমজাদ হোসেন ও মিন্টু হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

ওই আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, বিচার শেষে উভয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছে।

তবে এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে আসামিপক্ষের আইনজীবী সুধীর কুমার শর্মা জানান।