কুমিল্লায় পিকআপ ভ্যানের ধাক্কায় ২ জনের মৃত্যু
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ইস্টগ্রাম এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামাল উদ্দিন জানান।
মৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সেলিম মিয়া (২২) ও একই উপজেলার কুটি গ্রামের শুবলচন্দ্র বর্মনের ছেলে লক্ষণ বর্মণ।
আহতরা হলেন- ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার বিটগড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. সাদেক (৪২) ও কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের যদুমিয়ার ছেলে আবু ইউসুফ (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি পিকআপভ্যান সিলেটমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ চারজন যাত্রী আহত হন।
পরিদর্শক বলেন, আহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও আটোরিকশাটি আটক করা হয়। তবে পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে জানান এ পুলিশ কর্মকর্তা।
