২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তু লারমার অপসারণ দাবি হিল উইমেনস ফেডারেশনের

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়রম্যান পদ থেকে সন্তু লারমকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি করেছেন ইউপিডিএফের নারী সংগঠন হিল উইমেনস ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 11:02 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

এই দাবিতে বুধবার সন্তু লারমার কার্যালয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সামনেই এই মানববন্ধন করা হয়।

এতে হিল উইমেনস ফেডারেশন কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ বছরে ইউপিডিএফের ৩৩৫ জন নেতাকর্মী ও সমর্থকে হত্যা করা হয়েছে। এর মধ্যে সন্তু লারমারে নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি হাতে খুন হয়েছে ২৬২ জন। সবশেষ ১২ জুলাই দীঘিনালায় জীপন ত্রিপুরা ও ১৮ জুলাই অপর একজনক হত্যা করা হয়েছে।

বক্তারা সন্তু লারমার উদ্দেশে বলেন, তিনি চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলনের কথা বলেন, আবার সশস্ত্র সংগ্রামও শুরু করেছেন। আঞ্চলিক পরিষদের গদি রক্ষার জন্য নিজের দলের কর্মীদের বলি দিচ্ছেন। ২০০০, ২০০৬ ও ২০১৮ সালে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ ও যৌথভাবে চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করতে ইউপিডিফের সঙ্গে সমঝোতা করেও তা ভঙ্গ করে তাদের কর্মীদের নির্বিচারে হত্যা করছেন। 

Image
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সামনে ইউপিডিএফের সহযোগী নারী সংগঠন হিল উইমেনস ফেডারেশনের মানববন্ধন

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সামনে ইউপিডিএফের সহযোগী নারী সংগঠন হিল উইমেনস ফেডারেশনের মানববন্ধন

বক্তারা সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদের চেয়রম্যান পদ থেকে অপসারন ও গ্রেপ্তারের দাবি জানান। 

হিল উইমেনস ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি শোভা চাকমা ও দপ্তর সম্পাদক এন্টি চাকমা ছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

১৯৯৭ সালে সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন সন্তু লারমার নেতৃত্বাধীন গেরিলা সংগঠন শান্তিবাহিনীর দুই হাজার সশস্ত্র সদস্য। এরপর গঠিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিদের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হওয়া সন্তু লারমা প্রতিমন্ত্রীর পদমর্যাদার সেই পদে এখনও বহাল আছে।

চুক্তির পরপরই চুক্তির বিরোধিতা করে পাহাড়ি  ছাত্র পরিষদের কয়েকজন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে গঠিত হয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। দুই সংগঠনের বিরোধে গত দুই দশকে প্রাণ হারায় উভয় সংগঠনের কয়েকশ নেতাকর্মী।

এরই মধ্যে ২০০৯ সালে সন্তু লারমার জনসংহতি সমিতি ভেঙে গঠিত হয় আরও একটি সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)।

এরপর ২০১৬ সালে ইউপিডিএফ ভেঙে গঠিত হয় আরেক সংগঠন ইউপিডিডিএফ (গণতান্ত্রিক)।

এরপর ২০১৮ সালের পর কুকি-চীন ন্যাশনাল পার্টি এবং মগ লিবারেশন আর্মি নামে আরও দুটি সশস্ত্র সংগঠন আত্মপ্রকাশ করে পাহাড়ে।