২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ৬৫ শিশু-কিশোরসহ শতাধিক আসামিকে ভালো কাজের শর্তে মুক্তি

প্রতিদিন দুটি ভালো কাজ করে তা ডায়েরিতে লিপিবিদ্ধ করা, গাছ লাগানো ও পরিচর্যাসহ বিভিন্ন শর্তে সুনামগঞ্জে ৬৫ শিশু-কিশোরকে মুক্তি দেওয়া হয়েছে, যা আদালতের ভাষায় প্রবেশন নামে পরিচিত। একই ধরনের শর্তে ২৫ দম্পতিকেও প্রবেশন দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 05:44 PM

Updated : 22 Jul 2022, 03:59 AM

সুনামগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

এর আগেও একই বিচারক ১৪৫ মামলায় ২০০ শিশু-কিশোরকে কারাগারের বদলে পরিবারে ফেরত পাঠান বলে আদালতের পিপি নান্টু রায় জানান।

প্রবেশন ব্যবস্থায় বিচার শেষে কেউ যখন দোষী সাব্যস্ত হওয়ার উপক্রম হয় তখন বিশেষ সুযোগ দিতে পারে আদালত। এখানে নির্দিষ্ট সময় পর্যন্ত মেনে চলার জন্য কতকগুলো শর্ত দেওয়া হয়। আসামি শর্ত মানছেন কিনা তা দেখার জন্য বাংলাদেশে জেলায় জেলায় আছেন প্রবেশন কর্মকর্তা।

পিপি বলেন, বিচারক মো. জাকির হোসেন যাদের প্রবেশন দিয়েছেন তারা বিভিন্ন ছোটখাটো মামলার আসামি ছিলেন। পারিবারিক, সামাজিক ও গ্রাম্য কোন্দলের পর পরিবারের বড়োদের সঙ্গে আসামি হন অনেকে। দাম্পত্য কলহ নিয়ে দ্বন্দ্বে জড়ান অনেকে।

আদালত যেসব শর্ত দিয়েছে তার মধ্যে রয়েছে প্রতিদিন দুটি ভালো কাজ করে ডায়েরিতে লিপিবিদ্ধ করা, গাছ লাগানো ও পরিচর্যা, নিয়মিত ধর্ম পালন, মা-বাবার আদেশ মানা, মাদক থেকে দূরে থাকা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা, বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ ইত্যাদি।

তাদের পর্যবেক্ষণে রাখার জন্য জেলা প্রবেশসন কর্মকর্তা মো. শফিউর রহমানকে দায়িত্ব দিয়েছে আদালত। তিনি তিন মাস পরপর আদালতে এ বিষয়ে প্রতিবেদন দেবেন। এক বছর এই প্রতিবেদন দিতে হবে।

শফিউর রহমান বলেন, মামলার আসামি হয়ে যারা আদালতের বারান্দায় দৌড়াদৌড়ি করে নাকাল, তারা প্রবেশনে মুক্তি পেয়ে খুশি হন। তারা দ্বন্দ্ব-কলহ থেকে মুক্ত থাকার প্রেরণা অনুভব করেন। আদালতের নির্দেশনা পালন করতে গিয়ে তাদের মানসিক উন্নতি হয়।

জেলার দিরাই উপজেলার পুকিডহর গ্রামের এক কিশোর মারামারির মামলায় আসামি হয়ে দুই বছর আদালতের বারান্দায় বড়োদের সঙ্গে ঘুরেছে। প্রবেশন পাওয়ায় তৃপ্তির হাসি ছিল তার চোখেমুখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি আদালতের রায় মেনে চলব। আদালত যে শর্ত দিয়েছেন সেগুলো মেনে একজন ভাল নাগরিক হয়ে ওঠার চেষ্টা করব।”

প্রবেশনে মুক্তি পাওয়া এক কিশোরের মায়ের অনুভূতি ছিল পরম স্বস্তির।

তিনি বলেন, “আদালতের রায়ে আমরা খুশি। আমাদের ছেলেকে আদালতের শর্ত মেনে চলতে সহযোগিতা করব। সবার দোয়ায় যাতে সে ভালো হয়ে চলাফেরা করতে পারে সেই প্রার্থনা করি।”

বিচারক মো. জাকির হোসেন ২৫ দম্পতিকেও সংসারে ফিরে যাওয়ার রায় ঘোষণা করেছেন বুধবার। পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে সংসার পরিচালনাসহ স্বামীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে আদালত।

জেলার ছাতক উপজেলার দিঘলি গ্রামের রশিদ মিয়া ও হাস্না বেগমের সংসার ভাঙে ১১ বছর আগে। স্বামীর বিরুদ্ধে নারীনির্যাতন দমন আইনে মামলা করেন হাসনা। দীর্ঘদিন ধরে তারা আদালতে যাওয়া-আসার ভোগান্তি পোহান। পরিস্থিতি পর্যালোচনা করে আদালত এসব মামলা নিষ্পত্তির জন্য উভয় পরিবারের দায়িত্বশীল লোকদের ডেকে আনে আপস-মীমাংসার জন্য।

হাস্না বলেন, “মামলার পর ১১ বছর ধরে খুব কষ্ট করেছি। সমাজ ভাল চোখে দেখেনি। পরিবারেও ছিলাম উপেক্ষিত। একমাত্র মেয়ের পড়ালেখা, বেড়ে ওঠা ও তার স্বাভাবিক জীবন ছিল এলোমেলো। আদালত আজ আমাদের আবার এক করে দিয়েছে।

“আমরা সংসারের সুখ-দুঃখ মোকাবেলা করে পরস্পরকে ধরে বাকি জীবন কাটাতে চাই।”