২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা বললেন, চিকিৎসার কথা বলে ছেলে রাস্তায় ফেলে গেছে

বরিশালের গৌরনদী উপজেলায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধাকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেছেন। 

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 12:18 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডের পাশ থেকে উদ্ধার হওয়া সত্তরোর্ধ্ব এই নারী অভিযোগ করেছেন, ছেলে ও তার স্ত্রী চিকিৎসার জন্য তাকে বাড়ি থেকে নিয়ে এসে রাস্তায় ফেলে রেখে চলে গেছে।

বৃদ্ধা মাজেদা বেগম পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁন মিয়া মৃধার স্ত্রী। সোমবার গভীর রাতে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার গভীর রাত ৩টার দিকে ওই নারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে তার জ্ঞান ফেরে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. শিপন তাকে নিয়ে আসেন। এখনও শিপন সেখানে থেকে ওই নারী তত্ত্বাবধান করছেন।

“বৃদ্ধার পরিবারের সন্ধান করা হচ্ছে। যারা তাকে রাস্তায় ফেলে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড বাংলা লিংক টাওয়ারের কাছে বৃদ্ধাকে কাতরাতে দেখেন স্থানীয়রা। পরে তাকে বাংলা লিংক টাওয়ারের নিরাপত্তারক্ষীর কক্ষে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এটা দেখে রাত দেড়টার দিকে মো. শিপন তার বন্ধুদের নিয়ে ঘটনাস্থলে আসেন এবং বৃদ্ধাকে নিয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মো. শিপন সাংবাদিকদের বলেন, “জ্ঞান ফেরার পর হাসপাতালের বিছানায় বৃদ্ধা নিজের নাম-পরিচয় জানান এবং তাকে চিকিৎসা করানোর কথা বলে ছেলে শাহে আলম মৃধা ও তার স্ত্রী নিয়ে এসে ওই স্থানে ফেলে রেখে যায় বলে অভিযোগ করেন।”

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তৌকির আহম্মেদ বলেন, “বৃদ্ধা মাজেদা বেগমের শরীর খুবই দুর্বল। গায়ে সামান্য জ্বরও রয়েছে। তাকে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে।”

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, “বিষয়টি খুবই অমানবিক। আমরা প্রথমে বৃদ্ধা মায়ের চিকিৎসা প্রদানসহ আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করব। একইসঙ্গে তার সঙ্গে যারা অমানবিক আচরণ করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”