২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যকর্মী থেকে সিরিঞ্জ নিয়ে টিকা দিলেন ‘ইউপি চেয়ারম্যান’

পঞ্চগড়ে নিজ হাতে সিরিঞ্জ নিয়ে এক ব্যক্তির শরীরে টিকা দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 12:29 AM

Updated : 25 Oct 2022, 10:58 AM

দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঙ্গলবার ক্লাবগঞ্জ সিসি ক্লিনিকে এই ঘটনা ঘটান বলে ওই কেন্দ্রের এক স্বাস্থ্য সহকারী জানান। 

ইউপি চেয়ারম্যান এই ছবি ফেইসবুকে ছড়িয়ে দিলে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে তিনি ফেইসবুক থেকে ছবিটি মুছে দেন।

তবে ইউপি মশিউর রহমান এই অভিযোগ অস্বীকার করেছেন।

টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী কুসুম রানী বলেন, “দুপুরে আমার কেন্দ্রে চেয়ারম্যান পরিদর্শনে আসেন । এরপরই তিনি আমার কাছে সিরিঞ্জ চান। তার সম্মানে আমি উনাকে সিরিঞ্জ দেই। চেয়ারম্যান আমাকে বলেছিলেন 'টিকা পুশ কীভাবে করতে হয় আমার জানা আছে। পরে উনি একজনের শরীরে টিকা পুশ করেন।”  

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা হাসিনুর রহমান বলেন, “আমি মঙ্গলবার সন্ধ্যায় একজন স্থানীয় ব্যক্তির মাধ্যমে মৌখিক অভিযোগ পেয়েছি। এরপরই আমি ইপিআই টেকনিশিয়ান ডালিম কুমারকে ঘটনার খোঁজ নেওয়ার নির্দেশ দেই। পরে তিনি আমাকে সোনাহার ইউনিয়নের একটি টিকা কেন্দ্রে চেয়ারম্যান টিকা পুশ করেছেন বলে জানান।”

চেয়ারম্যান তার এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, “স্বাস্থ্য সহকারী কুসুম রানীও ভুল করেছেন। কুসুম রানী সিরিঞ্জ চেয়ারম্যানের হাতে দেওয়ায় তাকে শোকজ করা হবে।”

এদিকে, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ঘটনা অস্বীকার করে বলেন, “আমি শুধু ফটোসেশনের জন্য সিরিঞ্জ হাতে নিয়েছি। অন্য কিছু করিনি।”

তবে ফেইসবুকে ছবি দিয়ে পরে ডিলিট করার কথা বললে তিনি নিরুত্তর থাকেন।