রাজশাহীতে রাউধা হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ
রাজশাহীতে পাঁচ বছর আগে নথিজাত করা মালদ্বীপের মেয়ে মডেল রাউধা আতিফ হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর ৩ নম্বর মহানগর হাকিম মহিদুর রহমান এই আদেশ দেন।
এই আদেশের মাধ্যমে পাঁচ বছরের বেশি সময় পর মামলাটি পুনরুজ্জীবিত হলো।
মালদ্বীপের বাসিন্দা রাউধা আতিফ রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই তরুণী আন্তর্জাতিক ‘ভোগ’ সাময়িকীর প্রচ্ছদ কন্যাও হয়েছিলেন।
রাউধা হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী আসলাম সরকার বলেন, “দরজা ভেঙে ঘরে ঢুকে লাশ নামানো হলে দরজায় আঘাত থাকবে। ছিটকিনি ভাঙা বা বাঁকানো থাকবে। ৪০ কেজি ওজনের একটা মানুষও যদি ফ্যানে ঝোলে, তাহলে সেই ফ্যানেও একটা চিহ্ন থাকবে। পরীক্ষায় তা ধরা পড়বে। এসব কিছুই পাওয়া যায়নি। তাহলে মেয়েটা আত্মহত্যা করল কীভাবে?”
এই বিষয়গুলো আদালতকে বোঝানোর পর মামলার পুনঃতদন্তের আদেশ দেওয়া হয়; আদেশের কপি দ্রুত আদালত থেকে রাজশাহী নগর পুলিশের কমিশনারের কাছে পাঠানো হবে বলে তিনি জানান।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ২৯ মার্চ কলেজের বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলের একটি কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করা হয়। পুলিশ যখন লাশটি উদ্ধার করে তখন সেটি বিছানার ওপর ছিল।
কলেজ কর্তৃপক্ষের দাবি, রাউধা ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। পুলিশ যাওয়ার আগেই দরজা ভেঙে লাশটি নামানো হয়।
তবে রাউধার বাবা ডা. মোহাম্মদ আতিফের দাবি, তার মেয়ে আত্মহত্যা করেননি। তাই তিনি রাউধার সহপাঠী সিরাত পারভীনকে আসামি করে হত্যা মামলা করেন। প্রথমে ময়নাতদন্ত শেষে রাউধার লাশ রাজশাহীতে দাফন করা হয়। হত্যা মামলা করার পর কবর থেকে লাশ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়।
আইনজীবী আসলাম সরকার জানান, পরে ২০১৭ সালের ১৫ অক্টোবর শাহমখদুম থানার তৎকালীন পুলিশ পরিদর্শক আনোয়ার আলী তুহিন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক আসমাউল হক আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেন। এতে নারাজি দেন রাউধার বাবা। আদালত তা গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেয়।
পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান ২০১৯ সালের ১৮ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এতে তিনি ময়নাতদন্তের প্রতিবেদনে আত্মহত্যার বিষয়টি থাকার কথা উল্লেখ করেন। আর তার নিজের তদন্তের বিষয়ে উল্লেখ করেন যে মামলার আসামি সিরাত পারভীনের হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এই প্রতিবেদন পাওয়ার পর আদালত মামলাটি নথিজাত করার আদেশ দেয়।
আসলাম সরকার জানান, পরে ২০২০ সালের ২ জানুয়ারি রাউধার বাবা মহানগর দায়রা ও জজ আদালতে মামলার রিভিশন আবেদন করেন। চলতি বছরের ১৮ এপ্রিল আদালতে রিভিশনের আবেদন মঞ্জুর হয়। সেদিন আদালত নিম্ন আদালতে বাদীর নারাজি আবেদন দাখিলের অনুমতি দেন।
২৯ জুন ৩ নম্বর মহানগর হাকিম আদালতে বাদীর নারাজি আবেদন দাখিল করা হয়। এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। শুনানির আগে আদালত মামলার বাদী ডা. মোহাম্মদ আতিফের জবানবন্দি গ্রহণ করে। পরে শুনানি শেষে মামলাটি পুনঃতদন্তের আদেশ দেয়।
মামলার বাদী রাউধার বাবা ডা. মোহাম্মদ আতিফ বলেন, তিনি একজন চিকিৎসক। তিনি নিশ্চিত যে তার মেয়ে আত্মহত্যা করেননি। তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু প্রতিবারই তদন্ত প্রভাবিত করা হয়েছে। তিনি ন্যায়বিচার পাননি। তাই আবারও নারাজি দাখিল করেছিলেন।
আদালতের এ আদেশের মাধ্যমে নথিজাত হওয়া এই মামলা পুনরুজ্জীবিত হলো।
এবার তদন্তে তার মেয়েকে হত্যার বিষয়টি উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন:
