২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় তরুণী নিহত, ‘মদ্যপ’ ৩ বন্ধু আটক

গভীর রাতে ‘মদ্যপ’ বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় এক তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার আরেক বান্ধবীসহ চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 08:19 PM

Updated : 22 Jul 2022, 03:58 AM

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন জানান, সোমবার গভীর রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নিহত ও আহত দুই বান্ধবীকে এক্সপ্রেসওয়েতে রেখে পালানোর সময় পদ্মা সেতুর উত্তর থানা পুলিশ টোল প্লাজায় তিন বন্ধুকে আটক করে।

পরে একজনকে আটক রাখা হয় এবং অপর দুই তরুণকে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। 

নিহত বৃষ্টির (২৭) মরদেহ ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  

আহত জান্নাতুল ফেরদৌসকে (২৭) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক তরুণ এসএম আহসান রবিকে (২৯) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ছাড়া পাওয়া অপর দুই বন্ধু হলেন মোশারফ হোসেন (৩২) ও সুমন (৩২)।

দুই বান্ধবীর বাড়ি ঢাকার বাড্ডা এলাকায়। আটক আহসান হাবিব রবির বাবার নাম এসএম শাহজাহান। বাকি দুজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহত জান্নাতুল ফেরদৌস ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে বৃষ্টি, জান্নাতুল ফেরদৌস, এসএম আহসান রবি, মোশারফ হোসেন ও সুমন ঢাকার হাতিরঝিল এলাকা থেকে দুটি মোটরসাইকেলে করে মাওয়ার দিকে রওনা দেন।

‘বেপরোয়া গতিতে’ চলতে গিয়ে রাত ২টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ‘ব্যারিকেডে’ ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পড়েন বলে জান্নাতুল ফেরদৌস জানান।

তিনি বলেন, “এতে বৃষ্টি ঘটনাস্থলে মারা যায়। আমরা বাকি চারজনও আহত হই।”

এ সময় তিন পুরুষ বন্ধু জান্নাতুলকে বৃষ্টির পাশে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান বলে জান্নাতুল ফেরদৌসের অভিযোগ।

তিন বন্ধু পালানোর সময় তাদের রক্তাক্ত দেখে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজায় পুলিশ আটক করে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন জানান, মধ্যরাতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক্সপ্রেসওয়ে থেকে দুই নারীকে উদ্ধার করা হয়। একজন নিহত ও অপর জন আহত। তাদের সাথে কোনো যানবাহন ছিল না। আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

“এর মধ্যে পদ্মা সেতুর উত্তর থানা পুলিশ টোল প্লাজা অতিক্রমের  চেষ্টাকালে আটক হওয়া তিন যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। তারা রক্তাক্ত অবস্থায় ছিল। আহসান হাবিব রবির মোটরসাইকেলে দুই বন্ধবী ছিল।”

তিনি আরও জানান, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ তিন জনের মধ্যে অবৈধভাবে সেতুতে উঠার দায়ে দুই জনকে আটক করে এবং তাদেরকে ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়।

বাকি এক জন এসএম আহসান হাবিব রবিকে হাইওয়ে থানায় সোপর্দ করা হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন জানান, আটক এসএম আহসান হাবিব রবিকে আসামি করে শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহিয়া জানান, রাত ৩টার দিকে দুর্ঘটনায় আহত নারীকে হাসাড়া হাইওয়ে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। একই সময় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ আহসান হাবিব রবি, মোশারফ হোসেন ও সুমনকে হাসপালে নিয়ে আসে।

তিন যুবকই মদ্যপ অবস্থায় ছিলেন বলে তিনি জানান।