নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধ হয়ে একজন নিহত
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় টেটাবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
জেলার রায়পুরা উপজেলার দড়িগাঁও এলাকায় মঙ্গলবার দুপুরে তারা হতাহত হন বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান।
নিহত মোখলেছুর রহমান (২৫) ওই গ্রামের আবুল হাসেম মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, আঞ্চলিক আধিপত্য বিস্তার নিয়ে সুমেদ আলী ও শহিদ মিয়া নামে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। এর জেরে দুপুরে তারা টেটা ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়ান। তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভৈরব হাসপাতাল ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের মধ্যে অন্তত ১০ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। আমির হোসেন নামে এক তরুণের শরীরের বিভিন্ন স্থানে বিঁধে থাকা টেটা দেখা গেছে।
তবে পুলিশ বলতে পারেনি কতজন আহত হয়েছেন। আহতরা কে কোথায় ভর্তি হয়েছেন তাও পুলিশ বলতে পারেনি।
পুলিশ কর্মকর্তা সাহেব আলী পাঠান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
