২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশু হত্যায় দুইজনের যাবজ্জীবন

বেলকুচি উপজেলায় প্রতিবন্ধী শিশুকে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 05:38 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুর রহমান জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বেলকুচি উপজেলার ছোট বেড়া খারুয়া গ্রামের সাদ্দাম হোসেন (৩৩) ও একই গ্রামের আমজাদ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য আকবর আলী (৪৪)। 

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, সাদ্দাম হোসেনের সঙ্গে তার চাচাতো ভাইদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে চাচাতো ভাইদের ফাঁসাতে আপন বড় ভাই জহুরুল প্রামাণিকের বাকপ্রতিবন্ধী মেয়ে চায়না খাতুনকে (১১) হত্যার পরিকল্পনা করেন সাদ্দাম।

২০১৭ সালের ২৫ ডিসেম্বর বিকেলে সাদ্দাম হোসেনের বাড়িতে বেড়াতে যায় চায়না। রাতের খাবার খেয়ে চায়না ঘুমিয়ে পড়লে সাদ্দাম তাকে বাড়ির বাইরে নিয়ে গলাটিপে হত্যা করেন। পরে আকবর আলীর সহায়তায় বেড়া খারুয়া চরে নিয়ে চাকু দিয়ে চায়নার গলা কেটে মরদেহ সেখানেই ফেলে রাখা হয়। 

পরের দিন ২৬ ডিসেম্বর সকালে চায়নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা প্রতিপক্ষ চাচাতো ভাইদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

আইনজীবী বলেন, পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে হত্যার মূল রহস্য। সাদ্দাম ও আকবর গ্রেপ্তার হন; পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।