২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ভদ্রা নদীতে কুমির, আতঙ্কে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা এলাকার ভদ্রা-তেলিগাতী নদীতে কয়েকদিন ধরে কুমির ভাসতে দেখা যাচ্ছে। এতে নদী তীরবর্তী ও স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2022, 12:01 PM

Updated : 22 Jul 2022, 03:58 AM

স্থানীয়রা জানান, কুমিরটি নদীতে আসার পর নদীর তীরে বসবাসকারী লোকজন নদীতে নেমে গোসল করা, পানি নেওয়া বন্ধ করে দিয়েছে। জেলারাও মাছ ধরা বন্ধ রেখেছে।

গত ৮ জুলাই সকালে ভদ্রা নদী সংলগ্ন মঠবাড়িয়া গ্রামের জেলে মহিতোষ নদীতে মাছ ধরতে গেলে একটি কুমির তার নৌকায় হামলা করে। পরে মহিতোষ ও তার সহযোগীরা জাল ফেলে দ্রুত কিনারে চলে আসেন।

এছাড়া গত শুক্রবার জিয়ালতলা এলাকার ভদ্রা নদীর তীর থেকে কুমির একটি ছাগল নিয়ে গেছে বলে এলাকাবাসীর ভাষ্য।

এ বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন, গত ৮ জুলাই দুপুরে নাসিমা বেগম নামে এক নারী তার বোনের ছেলেকে নিয়ে নদীতে পানি আনতে গিয়ে কিনারায় একটি কুমির ভাসতে দেখেন। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কুমির দেখতে নদীর তীরে ভিড় করে।

গত কয়েকদিনে নদীতে অন্তত চারটি বড় কুমির ভাসতে দেখা গেছে। নদী পাড়ের লোকজনদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে বলে জানান স্থানীয় এ জনপ্রতিনিধি।

ভদ্রদিয়া গ্রামের জেলে হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছ ধরার জন্য তীরমুনি এলাকায় নদীর কিনারায় গেলে সেখানে দুটি কুমির ভাসতে দেখেন তিনি। পরে জাল নৌকা ফেলে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রাও নদীর পাড়ে গিয়ে কুমির ভাসতে দেখে।

ডুমুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক বলেন, “অনেক জেলে আমাকে ফোন করে ঘটনাটি জানানোর পর আমি সেখানে যাই। ঘটনা আসলে সত্য।” 

হঠাৎ নদীতে কুমির দেখা মেলার কারণ জানতে চাইলে তিনি বলেন, “ভদ্রা-তেলীগাতি নদীটি শিবসা নদীর সঙ্গে সংযুক্ত হয়ে সাগরে পড়েছে। ফলে সাগর থেকে দলছুট হয়ে কুমির শাখা নদীতে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।”