২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ‘ভাইয়ের ঘুষিতে’ ভাইয়ের মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে তার বড় ভাই ঘুষি মেরে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 12:57 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

উপজেলার চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে শনিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে খালিয়াজুরী থানার লেপসিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান।

মৃত মুক্তার মিয়া (৩৭) ওই গ্রামের কেনু মিয়ার ছেলে। এ ঘটনায় তার বড় ভাই ৪২ বছর বয়সী মিলন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাতে সিরাজুল বলেন, “পারিবারিক ঋণ পরিশোধের বিষয় নিয়ে মুক্তারের সঙ্গে তার মা ও বোনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মিলন সেখানে যান এবং উত্তেজিত হয়ে তিনি মুক্তারকে ঘুষি মারেন। এ সময় মুক্তার মাটিতে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান।”

লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।