২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের হাসপাতালে গরমে বাড়ছে শিশুরোগী

সপ্তাহজুড়ে তীব্র গরমে ফরিদপুর শিশু হাসপাতালে গত সাত দিনে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 07:59 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

তাদের অধিকাংশই ঠাণ্ডা, জ্বর, ডায়রিয়া, হাত-পায়ে চুলকানি রোগে ভুগছে বলে শহরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক মৃত্যুঞ্জয় সাহা স্বপন জানিয়েছেন।

শনিবার শহরের ওই হাসপাতালে গিয়ে দেখা গেছে, সদর উপজেলা ও আশপাশের এলাকা থেকে অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে ভিড় করেছেন।

তবে চিকিৎসক বলছেন, এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অভিভাবকরা একটু সচেতন হলেই সাময়িক এই সমস্যা থেকে উত্তরণ পাওয়া যায়।

চিকিৎসক মৃত্যুঞ্জয় বলেন, গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিদিনই প্রায় ৪০০ থেকে ৫০০ শিশু অসুস্থ্ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে, যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ।

রোগ প্রতিরোধ বিষয়ে তিনি বলেন, এ সময় শিশুদের ঘরের বাইরে না যেতে দিলে এবং বেশি করে ঠাণ্ডা খাবার বা স্যালাইন খাওয়ালে উপকার মিলবে।