২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানন্দায় ফের ধরা পড়ল ৩০ কেজির বাঘাইড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীতে আবারও ধরা পড়েছে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 06:46 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

শনিবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সীমান্তবর্তী বাংলাবান্ধা গ্রামে যুবকদের জালে মাছটি ধরা পড়ে বলে তেঁতুলিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান।

৫ জুলাই এই নদীতে আরেকটি ৩০ কেজি ওজনের বাঘাইড় ধরা পড়েছিল।

মনির হোসেন (২৫) জানান, দুপুরে তারা ২০ জন বড় টানা জাল নিয়ে মহানন্দা নদীতে শখের বশে মাছ ধরতে যান।

“এ সময় জালের উপর দিয়ে হাঁটা শুরু করলে নিচে বড় মাছের অবস্থান টের পাই। পরবর্তীতে সবাই একত্র হয়ে মাছের অবস্থান বুঝে জালটিকে জড়িয়ে নেই। অনেক চেষ্টার পর বাঘাইড় মাছটিকে নদী থেকে ডাঙ্গায় নিয়ে আসি।”

মনির জানান, মাছটি বিক্রি না করে তারা ভাগাভাগি করে নিয়েছেন। বাড়িতে নিয়ে আসলে আশপাশের লোকজন মাছটি একপলক দেখার জন্য ভিড় জমাতে থাকে। অনেকে মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকেও দেন।

দলের আরেক সদস্য জীবন বলেন, “আগে আমরা অনেক মাছ ধরেছি। কিন্তু বাঘাইড় মাছ এবারই প্রথম পেলাম। মাছটি পেয়ে আমরা রীতিমতো অবাক হয়েছি।”

স্থানীয় অনেকের ধারণা, সীমান্তবর্তী উপজেলার মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় বিরাট এই বাঘাইড় মাছটি ভারত থেকে এসেছে।

তেঁতুলিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “স্থানীয়দের মতো আমাদেরও ধারণা মহানন্দা নদীটি যেহেতু ভারত থেকে এসেছে। মাছটিও সেখান থেকে আসাটা অস্বাভাবিক নয়। কারণ মহানন্দা নদীতে ওরকম মাছ সচরাচর দেখা যায় না।”

তবে চলতি বছরের জানুয়ারিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিলে বাঘাইড় মাছকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকভুক্ত করা হয়।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনাবেচা দণ্ডণীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আরও পড়ুন:

তেঁতুলিয়ায় ৩০ কেজির বাঘাইড় বিক্রি ৪৫ হাজার টাকায়