সিলেটে হত্যা মামলার আসামি খুন, আটক ১২
পূর্ব বিরোধের জেরে সিলেটের গোয়াইনঘাটে হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত এক আসামি খুন হয়েছেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামে শুক্রবার রাতে এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।
মৃত আব্দুল কাদির (৩৭) ওই গ্রামের আব্দুল খালিকের ছেলে। এ ঘটনায় আহত আরও ৫-৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লুৎফুর বলেন, “দক্ষিণ লাবু গ্রামের একটি হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কাদিরের বাবা খালিকের বিরোধ চলছিল। এ ঘটনায় উভয় পক্ষের মামলা বিচারাধীন। চার বছর আগের এ ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
“এর জেরে খালিকের বাড়িতে প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য মো. শামসুদ্দিনের লোকজন হামলা করে। এ সময় কাদিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারিরা কাদিরের বাড়ি আগুনে পুড়িয়ে দেয়।”
এসব ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, কাদির অন্য একটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন। তার মৃত্যুর সংবাদ এলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
