টাঙ্গাইলে বাসচাপায় ছেলে-মেয়েসহ মা নিহত, অবরোধ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক পার হওয়ার সময় বাসের চাপায় মা, মেয়ে ও ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানান গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল।
নিহতরা হলেন উপজেলার বাঁশতৈল গ্রামের পারভীন আক্তার (২৭), তার মেয়ে সাদিয়া আক্তার (৯) ও ছেলে সুমন (৭)।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে ওভারব্রিজের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মোল্লা টুটুল জানান, পারভীন আক্তার বাবার বাড়ি পানিসাইল থেকে ছেলেমেয়েকে নিয়ে বাঁশতৈলে স্বামীর বাড়ি যাওয়ার জন্য পাকুল্যা বাসস্ট্যান্ডে আসেন।
মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মেয়ে সাদিয়া মারা যায়। গুরুতর আহত মা ও ছেলেকে উদ্ধার করে প্রথমে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের টাঙ্গাইল সদরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফর রহমান তাদের মৃত ঘোষণা করেন।
“কিন্তু প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসে ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলেও দীর্ঘদিনে তা বাস্তবায়ন করা হয়নি।”
শনিবার দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতার সঙ্গে স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অবরোধে অংশ নেন। তারা মহাসড়কের জনগুরুত্বপূর্ণ ওই স্থানে ফুটওভারব্রিজ নির্মাণ না করা পর্যন্ত অবরোধ তুলে নেবেন না বলে জানান।
অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
প্রশাসনের আশ্বাসে আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, “বিক্ষুব্ধ জনসাধারণের সঙ্গে দীর্ঘসময় কথা বলার পর তাদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন। এই মুহূর্তে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।”
