ভাষা আন্দোলনে ছাত্রত্ব হারানো আজিম উদ্দিন আর নেই
মাতৃভাষার অধিকার রক্ষার আন্দোলনে অংশ নেওয়ায় আজীবনের জন্যে ছাত্রত্ব হারানো নেত্রকোণার ভাষাসৈনিক আজিম উদ্দিন আহমেদ আর নেই।
শনিবার সকাল ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে ছেলে নুরুল আমিন জানান।
ভাষা আন্দোলনে যুক্ত হওয়া এবং তৎকালীন সরকারের বিরুদ্ধে বিদ্রুপমূলক স্বরচিত কবিতা সাহিত্য সম্মেলনে পাঠ করার কারণে স্কুল থেকে আজীবনের জন্যে তার ছাত্রত্ব বাতিল করে পাকিস্তান সরকার। এতে পাকিস্তানে তার পড়ালেখার সুযোগ বন্ধ হয়ে যায়।
৮৯ বছরের আজিম উদ্দিন ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
নুরুল আমিন জানান, পূর্বধলার জারিয়া এলাকার নিজ গ্রাম নাটেরকোণা মাদ্রাসা মাঠে বিকাল সাড়ে ৫টায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে।
কবিতা দুইটিতে তৎকালীন সরকারকে বিদ্রুপ করা হয়েছে- এই কারণ দেখিয়ে ১৯৫৩ সালে স্কুল থেকে আজীবনের জন্য আজিম উদ্দিনের ছাত্রত্ব বাতিল করা হয়। তবে এর ৬২ বছর পর ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি সরকারের পক্ষে তৎকালীন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি বিদ্যালয়ের ছাত্রত্ব ফিরিয়ে দেন।
পূর্বধলা উপজেলার জারিয়া নাটেরকোণা গ্রামের ব্যবসায়ী মরহুম শেখ শমসের আলী ও মাতা তাহমিনা রতিজনের সন্তান আজিম উদ্দিন আহমেদ শুধু ভাষা সৈনিকই ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।
তার শেষ বয়সের স্মৃতি রোমন্থন করে স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা বলেন, একটি আক্ষেপের কথাই আজিম উদ্দিন প্রায়ই বলতেন, ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি কি সরকার দেবে?
