গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বহিষ্কার
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শৃংখলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃংখলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় মো. আতাউর রহমান পিয়ালকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।”
বৃহস্পতিবার স্বাক্ষরিত হলেও শুক্রবার রাতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সবার নজরে আসে।
এদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাত ৯টায় গোপালগঞ্জ শহরে একটি আনন্দ মিছিল করেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিউটন মোল্লা বলেন, “আমি বহিস্কারের বিষয়টি নিশ্চিত হয়েছি। এটি এখন শহরের টক অব দা টাউনে পরিণত হয়েছে।”
