২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

কুমিল্লার মনোহরঞ্জ উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 07:29 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রাম থেকে রঞ্জিত মালাকারকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাগচি জানান।

বৃহস্পতিবার বিকালে লক্ষণপুর গ্রামে স্বামীর বাড়িতে সরস্বতী মালাকারকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়। রাতেই নিহতের ভাই মিন্টু দাস বাদী হয়ে মামলা করেন।

শুক্রবার বিকালে পরিদর্শক তপন কুমার বলেন, “রঞ্জিতকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”

পারিবারিক কলহের কারণে রঞ্জিতের স্ত্রী গত নয় বছর ধরে তার বাবার বাড়িতে ছিলেন। তিন মাস আগে স্বামীর বাড়িতে এসেছিলেন। 

স্থানীয়দের বরাতে ওসি তপন কুমার বাগচি জানান, বৃহস্পতিবার বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার মাঝেই রঞ্জিত ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কোপায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

“১৪ বছর আগে রঞ্জিতের বিয়ে হয়। তাদের ১২ বছরের একটি ছেলে আছে। তবে স্বামীর বাড়ির নির্যাতন সইতে না পেরে স্ত্রী বাবার বাড়িতে চলে যান।”

ওসি আরও বলেন, “তিন মাস আগে পরিবারিক ঝামেলা মিটিয়ে স্ত্রীকে আবার ফিরিয়ে আনেন রঞ্জিত। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, রঞ্জিত নোয়াখালীতে আরেকটি বিয়ে করেছেন। ধারণা করছি, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে।”

আরও পড়ুন:

>> বিয়ের পর ৯ বছর ছিলেন বাবার বাড়ি, শ্বশুরবাড়ি এসে হলেন খুন