বিয়ের পর ৯ বছর ছিলেন বাবার বাড়ি, শ্বশুরবাড়ি এসে হলেন খুন
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী জানান।
৩২ বছর বয়সী এই গৃহবধূ ওই গ্রামের সুশীল মালাকারের ছেলে রঞ্জিত মালাকারের (৩৫) স্ত্রী।
ঘটনার পর থেকে রঞ্জিত পলাতক বলে জানিয়েছে পুলিশ।
পারিবারিক কলহের কারণে রঞ্জিতের স্ত্রী গত ৯ বছর ধরে তার বাবার বাড়িতে ছিলেন। তিন মাস আগে স্বামীর বাড়িতে এসেছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি তপন কুমার বাকচী জানান, বৃহস্পতিবার বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার মাঝেই রঞ্জিত ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কোপায়। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
“১৪ বছর আগে রঞ্জিতের বিয়ে হয়। তাদের ১২ বছরের একটি ছেলে আছে। তবে স্বামীর বাড়ির নির্যাতন সইতে না পেরে স্ত্রী বাবার বাড়িতে চলে যান।”
ওসি আরও বলেন, “গত ৩ মাস আগে পরিবারিক ঝামেলা মিটিয়ে স্ত্রীকে আবার ফিরিয়ে আনেন রঞ্জিত। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, রঞ্জিত নোয়াখালীতে আরেকটি বিয়ে করেছেন। ধারণা করছি পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে।”
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে; থানায় মামলার প্রস্তুতি চলছে। রঞ্জিতকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
