২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পদ্মায় জেলের জালে সাড়ে ১০ কেজির পাঙ্গাস

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীতে তিনটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে; যেগুলোর মোট ওজন ২৭ কেজি।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 10:07 AM

Updated : 25 Oct 2022, 10:58 AM

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে মাছগুলো জেলেদের জালে ধরা পড়ে। এগুলোর ওজন সাড়ে ছয় কেজি, দশ কেজি ও সাড়ে দশ কেজি।  

পরে মাছ তিনটি শিবালয়ের আরিচা থেকে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ঘাট আড়তে বিক্রির জন্য আনা হয়।

হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও আন্ধারমানিক ঘাট আড়তদার সুমন রাজবংশী রাধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ইউপির বাল্লা ইউনিয়নের বাল্লা এলাকার সুধীর হালদার সাড়ে ছয় কেজি ও সাড়ে দশ কেজি ওজনের দুটি পাঙ্গাস মাছ আড়তে আনেন।

পরে উপজেলার দাসকান্দি বয়ড়া এলাকার ব্যবসায়ী এবং ঢাকার ব্যবসায়ী মাসুম আনসারী সাড়ে ছয় কেজি ওজনের পাঙ্গাসটি ১ হাজার ১০০ টাকা দরে ৭ হাজার ১৫০ টাকা দিয়ে কিনে নেন। আর দশ কেজি ওজনের মাছটি বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ কেনেন।

তবে সাড়ে দশ কেজির পাঙ্গাসটি বিক্রি হয়নি বলে জানান সুমন। 

মাছ ব্যবসায়ী সুধীর হালদার বলেন, “শিবালয় উপজেলার পদ্মা নদী থেকে জেলেরা দুটি পাঙ্গাস মাছ ধরে আরিচা নিয়ে আসেন। আমি মাছটি কিনে আন্ধারমানিক আড়তে নিয়ে আসি। সাড়ে দশ কেজির ওজনের মাছটি এখনও বিক্রি করতে পারিনি।”

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, হরিরামপুর এবং শিবালয়ের পদ্মা নদী মাছের অভয়াশ্রম।  এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে ১০-১৫ কেজির পাঙ্গাস মাছ ধরা পড়ছে।