নড়াইলে হত্যার দায়ে তিন সহোদরসহ ৭ জনের যাবজ্জীবন
নড়াইলের কৃষক রাজু শেখ হত্যায় আপন তিন ভাইসহ সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে, যা অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাভোগ করতে হবে।
হত্যাকাণ্ডের দেড়যুগ পর বৃহস্পতিবার নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলী এ রায় দেন।
দণ্ডিতরা হলেন কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের মোসলেম শেখের তিন ছেলে বুলু শেখ, দাউদ শেখ ও দুলু মিয়া শেখ; একই গ্রামের প্রয়াত ইনজাহের শেখের ছেলে নাসিম শেখ, প্রয়াত আদি শেখের ছেলে সিকান্দার শেখ, প্রয়াত কোবাদ শেখের ছেলে কুট্টি শেখ ও দাউদ শেখের ছেলে শামীম শেখ।
২০০৪ সালের ৩০ এপ্রিল কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের সালাম শেখের ছেলে কৃষক রাজু শেখ খুন হন।
এই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইমদাদুল ইসলাম এমদাদ জানান, রায় ঘোষণার সময় পাঁচজন আসামি আদালতে উপস্থিত ছিলেন; শামীম ও দুলু মিয়া শেখ পলাতক রয়েছেন। এ ছাড়া আরেক আসামি মোসলেম শেখ মুসা মামলা চলাকালে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার বরাতে অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ জানান, ২০০৪ সালের ৩০ এপ্রিল বিকালে রাজু শেখ কলাবাড়িয়া হাটে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নলিয়া নদীর পূর্বপাড়ে কেরামতের দোকানের কাছে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা রাজু শেখকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ বাদী হয়ে ওই বছরের ২ মে নড়াগাতী থানায় আটজনের নামে মামলা দায়ের করেন।
