গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
গাইবান্ধা রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে।
স্টেশনের ২ নম্বর রেল গেইটের অদূরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্টেশন মাস্টার আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা রেল স্টেশনের ২ নম্বর রেল গেইট সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক তরুণী ওই চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন।
“এতে তার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানান স্টেশন মাস্টার।
