গোপালগঞ্জে ‘পাচার’ ৩ কিশোরের একজন ফিরল
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যবসার প্রলোভন দেখিয়ে ভারতে ‘পাচার করা’ তিন কিশোরের মধ্যে একজনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনা জানাজানির পর সাংবাদিকরা বুধবার বিকালে উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি গ্রামে ওই কিশোরের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান, পাচারকারীদের কাছ থেকে ‘টাকার বিনিময়ে’ তাদের ছেলেকে সকালে ফিরিয়ে আনা হয়।
এছাড়া বাকি দুই কিশোরকেও ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তাদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে।
এই দুজনের বাড়ি-একই ইউনিয়নের ধারাবাশাইল গ্রামে। একজনের বয়স ১৭ বছর ও আরেকজনের বয়স ১৫ বছর।
ফিরিয়ে আনা ১৬ বছরের ওই কিশোর ঘটনার বর্ণনায় সাংবাদিকদের বলেন, “ভারতে ব্যবসা করার প্রলোভন দেখিয়ে গত ৯ জুলাই রাতে অসীম আমাদের সীমান্তে পৌঁছে দেয়। পরে সেখান থেকে তার লোকজন আমাদের ভারতে নিয়ে যায়। ভারতে গিয়ে আমি মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করি।
“তখন আমার মা বাবা আমাকে দেশে ফিরে আসতে বলে। এরপর আমার বাড়ির লোকজন পাচারকারীদেরকে ২০ হাজার টাকা দিয়ে বুধবার আমাকে দেশে ফিরিয়ে আনে।”
ছেলেটির মা বলেন, “অসীম আমার ছেলেকে ভারতে পাচার করে দিয়েছে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ইউপি মেম্বার আকাশ বিশ্বাসের উপস্থিতে মঙ্গলবার রাতে অসীমের বাড়িতে সালিশ বৈঠক হয়। সেখানে ছেলেকে ফিরিয়ে আনার জন্য আমরা আকাশকে ৪০ হাজার টাকা দেই।”
এ বিষয়ে জানতে ইউপি মেম্বার আকাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “তিন কিশোরকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য এলাকায় সালিশ হয়েছে। কিন্তু আমি কারো কাছ থেকে টাকা পয়সা নেই নাই।”
এদিকে অভিযোগ অস্বীকার করে অসীম বলেন, “আমি ওই তিন কিশোরকে পাচার করিনি। তারা স্বেচ্ছায় ভারতে যেতে চায়; তাই তাদের কাজের সন্ধান দিয়ে আমার এক আত্মীয়র মাধ্যমে সেখানে পাঠিয়েছি। তাদের মধ্যে এক ছেলে দেশে ফিরে এসেছে। বাকিদেরও ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।”
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ছেলেগুলোর পরিবার এখনও কোনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
