২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিষ পাগলা’র মৃত্যুর পর ঘরে মিলল আড়াই কোটি টাকা, স্বর্ণালঙ্কার

কুমিল্লার তিতাস উপজেলায় সদ্য প্রয়াত এক ব্যক্তির ঘরে প্রায় আড়াই কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে; যিনি স্থানীয়ভাবে ‘বিষ পাগলা’ নামে পরিচিত ছিলেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 10:57 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

বুধবার তিতাস থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে টাকাগুলো গোনা হয়। পরে তার স্বজনদের কাছে সেগুলো বুঝিয়ে দেওয়া হয়।

চিরকুমার আমির হোসেন মুন্সি (৫৫) একজন ‘আধ্যাত্মিক সাধক’ ছিলেন বলে দাবি স্বজনদের। তারা বলছেন, বিভিন্ন সময় ভক্তরাই তাকে এসব টাকা ও স্বর্ণালঙ্কার উপহার দিয়েছে।  

আমির হোসেন মুন্সী উপজেলার গাজীপুর গ্রামের মাজার বাড়ির প্রয়াত নসু মুন্সির ছেলে। গত ৮ জুলাই তিনি মারা যান। একটি ঘরে তিনি একাই বাস করতেন।

স্বজনরা জানান, তার ঘরে কখনও কেউ ঢুকত না। তার মৃত্যুর পর মঙ্গলবার (১২ জুলাই) স্বজনরা ঘরটি পরিষ্কার করতে যান। তারা ঘরের আলমারি খুললে সেখানে সাজানো অবস্থায় টাকার ব্যান্ডেল দেখতে পান। তখন বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের জানানো হয়। পরে থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতেই ঘরটি তালাবন্ধ করে দেওয়া হয়।

পুলিশ জানায়, বুধবার বেলা ১১টায় আমির হোসেনের বাড়িতে তিতাস থানা পুলিশের একটি টিম আসে। এ সময় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কুমিল্লা (উত্তর) জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবী, আমির হোসেনের বোন মুর্শিদা আক্তার, বড় ভাই আউয়াদ মুন্সিসহ গ্রামবাসীর উপস্থিতিতে একটি সভা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘরের তালা খুলে নির্দিষ্ট ব্যক্তিদের প্রবেশ করতে দেওয়া হয়। মেশিনের মাধ্যমে টাকা গুনে (টাকাসহ) ঘরটি পুনরায় তালাবদ্ধ করে দেওয়া হয়।

স্থানীয় বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরনবী জানান, আমির হোসেনের ঘর থেকে ২ কোটি ৪৫ লাখ নগদ টাকা ও প্রায় ৩ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণাঙ্কার পাওয়া গেছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার হওয়া টাকা যৌথ অ্যাকাউন্ট খুলে ব্যাংকে রাখা হবে; এরপর তার পরিবারের সদস্যদের নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নূরনবী জানান।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, “স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার টাকাগুলো গোনা হয়। পরে টাকা ও স্বর্ণালঙ্কারসহ আমির হোসেনের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

প্রয়াত আমির হোসেনের দুই বোন ও তিন ভাই ছিল। তাদের মধ্যে এক বোন মুর্শিদা বেগম, দুই ভাই আউলাদ মুন্সি ও জামাল মুন্সি বেঁচে আছেন।

আউলাদ মুন্সি বলেন, “আমার ভাই একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। তার কাছে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসত। ভক্তরা তাকে ভালোবেসে টাকা-পয়সা ও বিভিন্ন জিনিসপত্র উপহার দিয়ে যেত। এগুলো সে জমিয়ে রাখত, কিন্তু মৃত্যুর পর তার ঘরে এত টাকা পাওয়া যাবে, আমরা কল্পনাও করতে পারিনি।”

আউলাদ মুন্সি আরও বলেন, “জীবিত থাকতে আমার ভাইয়ের স্বপ্ন ছিল রাস্তার পাশে একটি মসজিদ করার। কিন্তু সে স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন আমরা ভাইয়ের রেখে যাওয়া টাকা দিয়ে একটি মসজিদ, মাদরাসা ও একটি মাজার করতে চাই।”