২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ড

ময়মনসিংহে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 07:54 PM

Updated : 14 Jul 2022, 07:02 PM

ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দীপক সাহা জানান, বুধবার বিকাল সোয়া ৪টার দিকে ময়মনসিংহের বেগুনবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

“স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।”

দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি জামালপুরের দেওয়াগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, দেওয়াগঞ্জ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ঢাকা যাচ্ছিল। বেগুনবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় আসতেই একটি বগি থেকে আরেক বগিতে ইলেকট্রিক সংযোগ লাইন ঢিলা হয়ে আগুন লেগে যায়।

“এতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঙ ২০-৪০ বগিতে আগুন ধরে যায়।”

ধোয়ায় বগি অন্ধকার হয়ে গেলে যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করে উল্লেখ করে তিনি বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা ও যাত্রীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তেমন ক্ষতি হয়নি।”

ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দীপক সাহা বলেন, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি কিছুক্ষণ পরই ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এ ঘটনায় তিস্তা এক্সপ্রেস কিছুক্ষণ বিদ্যাগঞ্জ স্টেশনে দাঁড়িয়েছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।