মানিকগঞ্জে বাড়তি ভাড়া নেওয়ায় ৫ পরিবহনকে জরিমানা
ভাড়ার তালিকা না দেখিয়ে বেশি টাকা নেওয়ার অপরাধে মানিকগঞ্জে পাঁচ গণপরিবহনকে জরিমানা দিতে হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।
আসাদুজ্জামান রুমেল জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অপরাধে পাঁচটি পরিবহনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লেগুনা পরিবহনের চালক সাব্বির মিয়াকে ১ হাজার টাকা, যাত্রীসেবা পরিবহনের দুই চালক আবু রায়হান ও আরিফ হোসেনকে আড়াই হাজার টাকা, পদ্মা দ্রুতগতি পরিবহনের রুবেলকে ৩ হাজার টাকা এবং শুভযাত্রা পরিবহনের চালক তুহিনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
জেলা বিআরটিএ-এর মেকানিকাল অ্যাসিস্ট্যান্ট সাইদুল ইসলাম সুমন, ক্যাবের সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবী তুলিপ এবং সদর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন বলে আসাদুজ্জামান রুমেল জানান।
