ঈদে নানাবাড়ি এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে পাথরাজ এলাকায় এ ঘটনা ঘটে বলে বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান।
নিহত মিরাজ (১১) পাথরাজ সর্দাপাড়ার মো. সুলতানের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, ঈদে মায়ের সঙ্গে পাথরাজে নানা নুরুল ইসলামের বাড়ি বেড়াতে আসে মিরাজ। বুধবার দুপুরে সবার অগোচরে পাশের একটি পুকুরে নেমে নিখোঁজ হয় সে। অনেকক্ষণ বাড়ি না আসায় স্বজনরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে মিরাজকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক অনন আফসান শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।
