গাজীপুরে পুড়ল কয়েকটি ঝুটের গুদাম
গাজীপুরের পূবাইলে কয়েকটি ঝুটের গুদাম পুড়ে গেছে; তবে কেউ হতাহত হয়নি।
বুধবার সকাল সাড়ে ৫টার দিকে মাঝু খান এলাকার ওই গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়; পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান।
তিনি আরও বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরা ও ফায়ার সার্ভিসের প্রধান জোন ঢাকা অফিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে গুদামে থাকা ঝুট পুড়ে গেছে। সকাল সাড়ে ৯টায়ও ডাম্পিং এর কাজ চলছিল। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
