কুষ্টিয়ায় ২ বাইকের সংঘর্ষ, শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার বিকালে ভেড়ামারা-প্রাগপুর সড়কে উপজেলার হাওয়াখালির মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভেড়ামারা থানার ওসি মো. মজিবর রহমান জানান।
নিহতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে মারুফ-উল আলম পিয়াস (৩০) এবং তার শ্যালক মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে সজীব (২৩)।
সজীবের চাচা মো. নাসির উদ্দিন বলেন, বিকাল ৫টায় সজীব ও তার দুলাভাই মোটরসাইকেলে করে আল্লারদর্গায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে চারজন আহত হয়।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও পিয়াসের মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ওসি মজিবর রহমান বলেন, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হবে।
