এবার ঈদে রাঙামাটিতে পর্যটকের সংখ্যায় বিস্মিত ব্যবসায়ীরা
কোভিড মহামারীর সময় রাঙামাটিতে যতজন পর্যটক এসেছেন, এবার ঈদে তার চেয়ে কম দাবি করে বিস্ময় প্রকাশ করেছেন পর্যটন খাতে ব্যবসায়ীরা।
সাম্প্রতিক স্বাভাবিক কোনো সময়ও এমন ‘খারাপ অভিজ্ঞতা হয়নি’ বলেও তাদের দাবি।
জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হোটেল স্কয়ার পার্কের মালিক নেয়াজ আহমেদ বলেন, তার হোটেলে ৬৫টা রুম আছে। ঈদের আগের দিন তিনটি, ঈদের দিন পাঁচটি আর ঈদের পরদিন ১০টি রুমে অতিথি ছিলেন।
“যারা ছিলেন তাদেরও প্রায় অর্ধেক ছাড় দিয়েছি। এমন অভিজ্ঞতা আমার কাছে একেবারেই নতুন। কোভিডের কঠিন সময়েও এত খারাপ অবস্থা হয়নি আমাদের।”
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান প্রায় একই অভিজ্ঞতার কথা।
রাঙামাটি পর্যটন ঘাটের ইজারাদার রমজান আলী একই অভিজ্ঞতার কথা বলেন, “বহু বছর ধরে এই ঘাটের সঙ্গে আমি নানাভাবে জড়িত। ঈদের ছুটিতে যারা হ্রদে নৌভ্রমণে বের হন, এবার তাদের সংখ্যা প্রত্যাশার চেয়ে কম। অন্য সময়ের তুলনায় বেশ কম।”
শহরে পর্যটনের নতুন দিক উন্মোচিত করা পুলিশের পলওয়েল ন্যাচার পার্ক আর জেলা প্রশাসনের রাঙামাটি পার্ক বরাবরই ঈদের ছুটিতে মুখর থাকে। এ বছর সেখানেও কম দেখা গেছে পর্যটকদের উপস্থিতি। বাড়তি হৈহুল্লোর যেমন ছিল না তেমনি বেশি ছিল না উপস্থিতি।
তবে ‘আগামী শুক্র ও শনিবার ভাল বুকিং আছে’ বলে জানিয়েছেন সৃজন বিকাশ বড়ুয়া। ‘হয়ত এর মধ্য দিয়ে ধীরলয়ে আবার জমে উঠবে পর্যটনকেন্দ্রগুলো’ এমনই আশা তার।
এ অবস্থান সুনির্দিষ্ট কারণ তারা কেউ বলতে পারেননি। তবে বেশি বৃষ্টি, সিলেট বিভাগ ও উত্তরের তিন জেলায় বন্যা, ঈদে এবার তুলনামূলক কম ছুটি এমন কতকগুলো বিষয়কে কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
তাছাড়া গত ২৬ জুন পদ্মা সেতু খুলে দেওয়ার পর থেকে কুয়াকাটার সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হওয়ায় ঢাকার পর্যটকদের অনেকে কুয়াকাটা গিয়ে থাকবেন বলে অনেকের ধারণা।
মঙ্গলবার কুয়াকাটা ছিল পর্যটকে মুখরিত, যার খবর এসেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে।
