পদ্মা সেতুর ‘প্রভাব’ কুয়াকাটায়, পর্যটকে মুখরিত
পদ্মা সেতু চালু হওয়ার ফলে রাজধানীসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটকরা এবার খুব সহজেই পটুয়াখালীর ‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটায় পৌঁছাতে পারছেন; যার প্রভাব পড়েছে এবার ঈদ-পরবর্তী ভ্রমণেও।
সূর্যোদয় আর সূর্যাস্তের অপরূপ লীলা দেখতে আসা পর্যটকে সৈকতের আশপাশের সবগুলো হোটেল-মোটেল এখন কানায়-কানায় পরিপূর্ণ। কোভিড মহামারীর মন্দা কাটিয়ে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর আশা দেখছেন ব্যবসায়ীরা।
ঈদের দিন ও পরের দিন স্থানীয়দের পদভারে সৈকত মুখরিত থাকলেও সোমবার সন্ধ্যা থেকে আসতে শুরু করেছে দূরদূরান্তের পর্যটকরা। এ ধারা গোটা সপ্তাহ জুড়েই অব্যাহত থাকবে বলে আশা করছেন হোটেল মালিকরা।
“ঈদের পরের দিন কাছাকাছি মানুষের আনাগোনা ছিল। তৃতীয় দিন থেকে বেশ কিছু পর্যটক বাইরে থেকে আসতে শুরু করেছে। রাতে ঢাকাসহ অন্যান্য স্থান থেকে আরও পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু হোটেল- মোটেল, কটেজ বুকিং আছে তাই পর্যটকের ঢল নামবে।”
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ওসি হাসনাইন পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মা সেতু চালু হওয়ার পর এই প্রথম ঈদ। তাই ঈদ পরবর্তী সময়ে পর্যটকদের ভীড় হবে জানা কথাই। সেটা মাথায় রেখেই ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে থানার পুলিশও।”
পদ্মা সেতু চালু হওয়ার পর রাজধানীর জিরো পয়েন্ট থেকে পটুয়াখালীর কুয়াকাটার দূরত্ব দাঁড়িয়েছে প্রায় ৩০০ কিলোমিটার। বাসগুলোকে কোনো ধরনের ফেরিতে উঠতে হয় না। ফলে ছয় থেকে সাড়ে ছয় ঘণ্টার মধ্যেই কুয়াকাটায় পৌঁছাতে পারছেন বলে জানান যাত্রীরা।
আগে এর চেয়ে দ্বিগুণ সময় লাগত; ছিল ফেরির ভোগান্তি। এর বাইরে অবশ্য কিছু যাত্রী লঞ্চেও যাতায়াত করে থাকে। সেক্ষেত্রে সময় লেগে যায় ১৪ থেকে ১৫ ঘণ্টা। কারণ, ঢাকা থেকে কুয়াকাটার সরাসরি কোনো লঞ্চ নেই। যাত্রীদের পটুয়াখালী নেমে প্রাইভেট কারে বা লোকাল বাসে করে সৈকত দর্শনে যেতে হতো।
ঢাকা থেকে বন্ধুদের নিয়ে ঘুরতে আসা পর্যটক মো. শফিকুল ইসলাম বলেন, “পদ্মা সেতু চালু হয়েছে, তাই আমরা চার বন্ধু মিলে ঈদের পরে কুয়াকাটায় ঘুরতে আসলাম। এই প্রথম কুয়াকাটায় এসেছি। অনেক মজা করছি।
“সাগরের বিশালতা দেখে মুগ্ধ আমরা। বহু স্থানে ঘুরছি। দীর্ঘ সৈকতে সময় কাটাচ্ছি। এ এক অন্য রকম অভিজ্ঞতা।”
পর্যটক, ব্যবসায়ী ও যানবাহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটকরা মূলত নারিকেল বিথী, ফয়েজ মিয়ার বাগান, জাতীয় উদ্যান (ইকো পার্ক), শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার, ফাতরার বন, গঙ্গামতি, লাল কাঁকড়ার চর, কাউয়ার চর, লেম্বুর চর, শুটকি পল্লী ঘুরে দেখছেন।
কুয়াকাটা ভূঁইয়া মার্কেটের সভাপতি মো. নিজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের দুই বছরে পর্যটকরা তেমন আসেনি কুয়াকাটায়। তবে এ বছর ঈদের ছুটিতে পর্যটকদের ভীড় হয়েছে।
“ছোট-বড় দোকানিরা পর্যটকদের কাছে বিকিকিনি করে ব্যস্ত সময় পার করছেন।”
