নোয়াখালীতে ‘নগ্ন ছবি তুলে প্রতারণা', কিশোরীর আত্মহত্যার পর প্রতিবাদ
‘নগ্ন ছবি তুলে প্রতারণার’ পর নোয়াখালীতে এক কিশোরীর আত্মহত্যার প্রতিবাদ হয়েছে।
প্রতারকরা কিশোরীর মায়ের কাছ থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন।
জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট এলাকায় মঙ্গলবার এলাকাবাসীর উদ্যোগে এই কর্সসূচির আয়োজন করা হয়।
স্থানীয় জোনাকি ফুল ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন ফয়সাল, জোনাকি ফুল ব্ল্যাড ব্যাংকের সভাপতি জামাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
সাইফুদ্দিন বলেন, চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের আবদুল করিম নামে এক ব্যক্তি প্রতারণার ফাঁদে ফেলে নিহত কিশোরীর পরিবারকে নানাভাবে হয়রানি করেন।
“করিমের প্ররোচনায় প্রথমে এক তরুণের (২০) সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক হয়। পরে কিশোরীর নগ্ন ছবি তোলা হয়। কাউকে কিছু জানালে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন করিম। কিশোরীর মায়ের কাছ থেকে আড়াই লাখ টাকা নেন করিম। এরপর করিম আরও টাকা চান। না পেয়ে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর হুমকি দেন।”
সাইফুদ্দিন ফয়সাল বলেন, “অপমান সইতে না পেরে গত ১ জুলাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোরী।”
মৃত্যুর পর আবদুল করিমসহ কয়েকজনের বিরুদ্ধে কবিরহাট থানায় মামলা হয়।
প্রতিবাদ কর্মসূচিতে তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কিশোরীর স্বজন ও এলাকাবাসী।
এ বিষয়ে করিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, “মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলার গতিপ্রকৃতি ঠিক হবে।”
