২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, স্থগিত হচ্ছে ইউপি নির্বাচন

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 06:25 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

২৭ জুলাই অনুষ্ঠেয় ওই নির্বাচন স্থগিত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব।  

প্রার্থী এ কে এম রুহুল আমিন ভূঁইয়া আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের মৃত আবু নাসের ভূঁইয়ার ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকের পদেও ছিলেন।

পরিবার জানায়, রুহুল আমিন সোমবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে চান্দিনা বাজারের কাছাকাছি তিনি মারা যান।

রুহুল আমিন ছাড়াও ওই ইউনিয়নে আরও পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, “গত ৬ জুন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাছাইয়ে এ কে এম রুহুল আমিনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। পরে তিনি উচ্চ আদালতে আবেদন করে মনোনয়ন ফিরে পান।”

“গত ৮ জুলাই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক বরাদ্দ পান। তার মৃত্যুতে নিয়মানুযায়ী নির্বাচন স্থগিত করা হবে।”

যদিও কমিশন থেকে এখনও কোনো লিখিত আদেশ পাননি বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।