২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় যানবাহনের চাপ বাড়লেও নেই আগের ভোগান্তি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে ঢাকামুখী মানুষের চাপ বাড়লেও পদ্মা সেতুর কারণে ঘাটে আর আগের মতো ভোগান্তি নেই।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 06:08 PM

Updated : 25 Oct 2022, 10:55 AM

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা বন্দরের উপ-পরিচালক খালেদ নেওয়াজ বলেন, “পদ্মা সেতু উদ্বোধনের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে যানবাহন ও যাত্রীদের অতিরিক্ত চাপ কমেছে। এ ছাড়া এই পথে রয়েছে ছোট-বড় মিলে ২১টি ফেরি।

“এর ফলে ঈদের আগে স্বস্তিতে বাড়ি ফিরেছেন মানুষ। ঈদ শেষে আবার তারা দুর্ভোগ ছাড়াই কর্মমুখী হতে পারছে।”

সরজমিনে মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের কফিল ফিলিং স্টেশন পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় রয়েছে যাত্রীবাহী পরিবহনের সারি। এসব যানবাহনকে ফেরিতে উঠতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। একইসঙ্গে প্রচণ্ড গরমে ভোগান্তি বাড়ছে চালক ও যাত্রীদের। দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় দায়িত্বরত টিআই বিনয় চক্রবর্তী বলেন, “সকাল থেকে ঘাটে যানবাহন ও কর্মমুখী মানুষের কোনো চাপ না থাকলেও দুপুরের পর থেকে যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে থাকে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়ছে। দুপুরের পর থেকে কিছু যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তবে সেসব যানবাহনগুলোকে বেশি সময় অপেক্ষায় থাকতে হচ্ছে না। আগামীকাল থেকে যানবাহনের চাপ আরও বাড়তে পারে।”

সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কিং ফিশার পরিবহনের যাত্রী ইয়াছিন আরাফাত বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছি। ফেরি ঘাটে কিছুটা জ্যাম আছে। এক ঘণ্টা হলো ঘাট এলাকায় এসেছি। হয়তো আরও ঘণ্টাখানেক লাগবে ফেরিতে উঠতে।

গ্রিন বাংলা পরিবহনের যাত্রী প্রিয়া খাতুন বলেন, আগের মতো ঘাটে ভোগান্তি নেই। বলা যায়, অনেকটা স্বস্তিতেই ফেরিতে উঠে গন্তব্যে চলে যেতে পারব। গত ঈদেও ফেরিতে উঠার জন্য ১২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার কারণে এই পথে ভোগান্তি নেই।

রাবেয়া পরিবহনের যাত্রী আসলাম শেখ বলেন, এ বছর ফেরি ঘাটের চিত্র দেখে স্বপ্নের মতো লাগছে। কোনো ভোগান্তি নেই। ফেরিতে উঠতে লম্বা সিরিয়াল নেই। ঘাটে আসার কিছু সময়ের মধ্যেই ফেরিতে উঠতে পারছি।