বাগেরহাটের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়
ঈদের ছুটিতে বাগেরহাটের বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। মহামারীর কারণে দুই বছর এসব পর্যটনকেন্দ্র বন্ধ ছিল; এবার বেড়ানোর সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত দর্শনার্থীরা।
পাশাপাশি লোকসানে থাকা বিনোদন কেন্দ্রেগুলোর মালিকরা এবার আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন। আর দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
রোববার দুপুর থেকে বাগেরহাটে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, হযরত খানজাহান (রহ.) মাজার, সুন্দরবন ও চন্দ্রমহল রিসোর্ট বিভিন্ন বয়সের হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এ অবস্থা মঙ্গলবার বিকাল পর্যন্ত দেখা গেছে।
বাগেরহাট ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মোশারফ হোসেন বলেন, “করোনার কারণে গত দুই বছর পর্যটন কেন্দ্রে মানুষের সমাগম ছিল না। এখন করোনার বিধিনিষেধ উঠে যাওয়ায় বিপুল পরিমাণ দর্শনার্থীর সমাগম ঘটেছে। সবাই যেন নিরাপদে এখানে ঘুরতে পারে সেজন্য ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।”
গত দুই বছর গৃহবন্দি ছিলেন খুলনার রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের রেশমি আক্তার। রোজার ঈদে বেড়াতে যাওয়া ইচ্ছা থাকলেও নানা ঝামেলায় তা হয়ে ওঠেনি। এ বছর বাগেরহাটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বন্ধুদের নিয়ে বেড়িয়ে সে সাধ মিটিয়েছেন বলে জানান।
কোথায় কোথায় ঘুরলেন এমন প্রশ্নে তিনি বলেন, “ষাটগম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজারসহ কয়েক জায়গায় ঘুরলাম। সারাদিন আনন্দ করলাম।”
বাগেরহাট প্রত্নতত্ত্ব বিভাগের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, “গত ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় এ বছর দেশের দূরদূরান্ত থেকে বিপুল পরিমাণ লোক ঈদে ছুটি কাটাতে এখানে আসছেন। কয়েকদিন এখানে দর্শনার্থীদের এমন ভিড় থাকবে বলে আশা করছি।”
