যশোরে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা কারাগারে
যশোরে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের মামলায় তার কথিত প্রেমিক ও এক যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান, মেয়েটির দায়ের করা মামলায় রোববার বেলা দেড়টার দিকে কাজীপাড়া কাঁঠালতলা থেকে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে গ্রেপ্তার করেন তারা। একইদিন ভোরে বাকিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাকিরা হলেন-শহরের বারান্দীপাড়ার সিটি কলেজ বউ বাজার এলাকার আব্দুর রশিদের ছেলে আকাশ, তাওসিন বিল্লাল ও আরাফাত।
এদের মধ্যে রাফিকুলের বয়স ৫১ বছর এবং বাকিদের বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার বর্ণনায় ওসি বলেন, “শনিবার সন্ধ্যায় ১৬ বছরের মেয়েটি তার কথিত প্রেমিক আকাশের সঙ্গে ঘুরতে বের হয়। এ সময় আকাশের সঙ্গে তার বন্ধু তাওসিন ও আরাফাতের দেখা হয়। এক পর্যায়ে তারা মেযেটিকে নিয়ে রাতে শহরের বিমান অফিস মোড়ে রফিকুলের অফিসে যায়।”
সেখানে রফিকুলের দেহরক্ষী শহীদ মেয়েটিকে ধর্ষণ করে। পরে আরাফাতসহ বাকিরা মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “পরদিন ভোরে আকাশ, আরাফাত ও তাওসিন মেয়েটিকে বাড়ি পৌঁছে দিতে বের হয়। এ সময় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে টহল পুলিশের সন্দেহ হলে তাদের থানায় নিয়ে যায়।
“পরে জিজ্ঞাসাবাদে মেয়েটি পুলিশকে ঘটনাটি জানালে তিনজনকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে রফিকুলকে আটক করে পুলিশ।
ওসি রূপান বলেন, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে মোট ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে গ্রেপ্তারদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাকি দুই আসামি হলেন- শহরের পুরাতন কসবা কাজী পাড়ার বছির আহম্মেদের ছেলে শহীদ ও রাফাত ইয়াসমিন।
এ মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম জানান, রফিকুলের দেহরক্ষী শহীদকে এ মামলায় প্রধান আসামি ও রফিকুলকে দ্বিতীয় আসামি করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে তাদের অভিযান চলছে।
