ময়মনসিংহে চামড়ার দাম কম, ঢাকার ‘সিন্ডিকেটের’ অজুহাত
ঢাকার বাজারে চামড়ার দর গত বছরের তুলনায় বেশি হলেও ময়মনসিংহে দাম কম মিলছে বলে অভিযোগ করেছেন মৌসুমি বিক্রেতারা। অজুহাত হিসেবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এজন্য ‘ট্যানারি মালিকদের সিন্ডিকেট’ দায়ী।
সরকারের নানা উদ্যোগের পরেও ময়মনসিংহে চামড়ার প্রকৃত দাম না পেয়ে হতাশ অনেকে বলেছেন, চামড়া ফেলে দেওয়ার পাশাপাশি মাদ্রাসায়ও দান করে দিয়েছেন।
সরকারের বেঁধে দেওয়া দর অনুযায়ী, ট্যানারি ব্যবসায়ীদের এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনতে হবে ৪৭ থেকে ৫২ টাকায়। আর ঢাকার বাইরে এই দাম হবে ৪০ থেকে ৪৪ টাকা। দুই ক্ষেত্রেই গতবারের চেয়ে দাম বেড়েছে সাত টাকা।
এ ছাড়া লবণযুক্ত খাসির চামড়া সারা দেশে ১৮ থেকে ২০ টাকায় কিনবে ট্যানারি, যা আগেরবারের চেয়ে তিন টাকা বেশি।
ঈদের দিন দুপুর থেকে ময়মনসিংহ নগরীর চামড়া গুদাম এলাকায় দেখা যায়, ফড়িয়ারা বিভিন্ন জায়গা থেকে রিকশা, ভ্যান এবং পিকআপ ভ্যানে করে চামড়া নিয়ে এসে বিক্রি করেছেন। ঈদের দ্বিতীয় দিন সকালেও কিছু ফড়িয়াকে চামড়া বিক্রি করতে দেখা গেছে।
মৌসুমী ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, “সরকার দাম নির্ধারণ করে দিলেও আড়তদাররা সেই দাম দিচ্ছে না তাই কম মূল্যে আমাদের চামড়া ক্রয় করতে হচ্ছে।”
ব্যবসায়ী আব্দুল হক বলেন, “গরুর একটা চামড়া ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকায় কেনা হয়েছে। ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত মূল্য না দেওয়ায় আমাদের বাধ্য হয়ে কম দামে চামড়া ক্রয় করতে হচ্ছে।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াহেদুল আলম বলেন, “জেলায় কোরবানি পশু জবাইয়ের লক্ষ্যমাত্রা ছিলো প্রায় এক লাখ ৭০ হাজার। যা গত বছরের তুলনায় ৪০ হাজার বেশি। এসব কোরবানি পশুর চামড়া সুন্দরভাবে সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষ ন্যায্য দাম থেকে যেন বঞ্চিত না হয় সে বিষয়ে জেলা প্রশাসক স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করেছেন। দাম নিশ্চিত করতে আমরাও নজরদারি রাখছি।”
স্থানীয় বাজারে লবণের দাম বেড়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারেও চামড়ার চাহিদা কম থাকায় ব্যবসা ভাল যাচ্ছে না বলে জানালেন ব্যবসায়ী মো. খসরু।
তিনি বলেন, “রোববার প্রতি বস্তা লবণ ছিল এক হাজার ৫০ টাকা। আজ তা কিনতে হচ্ছে এক হাজার ৩০০ টাকায়। এ বছর প্রায় দুই হাজার চামড়া কিনেছি। চামড়াপ্রতি ১০ থেকে ১২ কেজি লবণ লাগে। চামড়ায় লবণ দেওয়ার আগে প্রসেস করতে আরও ২০ টাকা খরচ হয়।“
এদিকে চামড়ার ন্যায্য দাম না পেয়ে সেগুলো মাদ্রাসায় দান করা বা ফেলা দেওয়ার কথা জানিয়েছেন অনেকে।
মহব্বত সরকার নামে একজন বলেন, “৮৮ হাজার টাকায় গরু কোরবানি করেছি। ফড়িয়া ব্যবসায়ীরা চামড়ার দাম বলে ২২০ টাকা। পরে সেটি মাদ্রাসায় দান করে দিয়েছি।”
