মৌলভীবাজারে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঈদের সন্ধ্যায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রাম থেকে রোববার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয় বলে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান।
মৃতরা হল- ওই গ্রামের রিংকু মল্লিকের ছেলে রুহিত মল্লিক (১১) ও পর্ব মল্লিক (৮)। তারা স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ ও প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
ওসি বলেন, “বিকালের দিকে শিশু দুটি খেলার সময় নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্য়ায়ে পরিবারের লোকজন পুকুরে রুহিত ও পর্বকে ভাসতে দেখেন। পরে তারা দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
