নারায়ণগঞ্জের সোনালী ব্যাংকে আগুনে পুড়ল আসবাব, নথিপত্র
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় আগুন লেগে নথিপত্রসহ আসবাবপত্র পুড়ে গেছে।
রোববার রাত ১০টার দিকে ‘বৈদ্যুতিক শর্টসাকিট’ থেকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে ১০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনে।
“আগুনে পুরো অফিসের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ব্যাংক বন্ধ থাকলেও সেখানে ফ্যান চলছিল। তাছাড়া কম্পিউটার চালু ছিল। আমরা ধারণা করছি বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।”
এ বিষয়ে তিনি আর কিছু বলতে পারেননি।
ওই শাখার সিনিয়র অফিসার হামিদুর রহমান বলেন, “অফিস ঈদের ছুটিতে বন্ধ থাকলেও মেইন সুইচ চালু করা ছিল। হঠাৎ করে সেখানে আগুন লাগে।
“তৃতীয় তলায় মূলত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কার্যক্রম চালানো হয়। আগুনে সেখানকার ফ্যান, চেয়ারসহ বিভিন্ন নথি পুড়ে গেছে। তদন্তের পর জানতে পারব কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।”
কেউ হতাহত হয়নি বলে জানালেও সেখানে কেউ ছিল কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
